হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর
ছবি: সংগৃহীত
০৯:২৪ পিএম | ১২ মে, ২০২৬
দেশে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ ঝাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আজ (১২ মে) এক স্ট্যাটাসে দায়িত্বহীনতার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই গায়ক।
স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘দায়িত্বহীন ব্যবস্থাপকগণ- হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন। মৃত্যুবরণ জনতার দায়িত্ব।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে তিন শিশু এবং হামের উপসর্গে মারা গেছে আরও ছয় শিশু।

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ শিশু।
দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।
এসএ/টিএ