বাইকের পর গাড়ি পুরস্কারের ঘোষণা তামিমের বিসিবির
ছবি: সংগৃহীত
১০:০০ পিএম | ১২ মে, ২০২৬
অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিউজিল্যান্ডের পর চলমান পাকিস্তান সিরিজেও বাড়তি পুরস্কার রাখা হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহার রেখেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে বিলাসবহুল চেরি ব্র্যান্ডের গাড়ি।
এ নিয়ে আজ (১২ মে) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’

তামিম আরো বলেছেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির ভাবমূর্তি যতটা ক্ষুণ্ন হয়েছিল, ওই জায়গা থেকে বের হয়ে চেরির মতো ব্র্যান্ড এসেছে।
গত সিরিজে ও এই সিরিজে বাইক কম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ এমন পুরস্কার দেওয়া হয়েছিল, আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল।
২০ বছর পর আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুনের ৯, ১১ ও ১৪ তারিখে মিরপুরে হবে ৩টি ওয়ানডে; একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি হবে।
টিজে/টিএ