© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অমিতাভের জন্যেই কি আজও সিঁথিতে সিঁদুর দেন রেখা?

শেয়ার করুন:
অমিতাভের জন্যেই কি আজও সিঁথিতে সিঁদুর দেন রেখা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ১২ মে, ২০২৬
বলিউডের চিরসবুজ সৌন্দর্যের প্রতীক রেখাকে ঘিরে রহস্যের যেন শেষ নেই। বয়সের ছাপকে অনেক আগেই হার মানানো এই অভিনেত্রীকে নিয়ে মানুষের আগ্রহ শুধু তাঁর অভিনয় বা গ্ল্যামার ঘিরে নয়, বরং আরও বেশি তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। আর সেই কৌতূহলের সবচেয়ে বড় জায়গা তাঁর সিঁথির লাল সিঁদুর।

কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা তারকাখচিত বিয়ের আসর, রেখাকে প্রায় সবসময়ই দেখা যায় গাঢ় লাল সিঁদুরে সজ্জিত অবস্থায়। অথচ তাঁর স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পর কেটে গেছে ৩৬ বছর। তারপরও কেন তিনি আজও সিঁদুর পরেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার নতুন জল্পনা তৈরি হয়েছে বলিউডে।

রেখার দাম্পত্য জীবন ছিল খুবই সংক্ষিপ্ত এবং বেদনাময়। অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে তাঁর প্রথম সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসার টিকেছিল মাত্র সাত মাস। রেখা তখন লন্ডনে, আর সেই সময় দিল্লিতে আত্মহত্যা করেন মুকেশ। স্বামীর মৃত্যুর পর সাধারণত সিঁদুর মুছে ফেলার যে সামাজিক রীতি, রেখা যেন তা কখনও মানতেই চাননি।



তবে এই সিঁদুর পরার অভ্যাস মুকেশের সঙ্গে বিয়ের পর শুরু হয়নি। অনেক আগেই রেখার সিঁথিতে দেখা গিয়েছিল লাল রং। ১৯৮২ সালে ‘উমরাও জান’ ছবির জন্য জাতীয় পুরস্কার নিতে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতির প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কেন সিঁদুর পরেন? উত্তরে রেখা জানিয়েছিলেন, চেন্নাইয়ে এটি নাকি ফ্যাশনেরই অংশ।

কিন্তু সময়ের সঙ্গে সেই ব্যাখ্যাও যেন পুরোপুরি বিশ্বাস করতে পারেননি অনেকে। ২০০৮ সালে এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, তিনি অন্যের প্রতিক্রিয়া নিয়ে ভাবেন না। তাঁর মতে, সিঁদুর তাঁকে সুন্দর দেখায়, তাই তিনি এটি পরেন। অর্থাৎ বিষয়টিকে তিনি নিজের ব্যক্তিগত পছন্দ এবং সাজের অংশ হিসেবেই তুলে ধরেছিলেন।

তবু রেখার সিঁদুরের প্রসঙ্গ উঠলেই যে নামটি অবধারিতভাবে সামনে চলে আসে, তিনি অমিতাভ বচ্চন। বহু বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে বলিউডে। সম্প্রতি চলচ্চিত্র ঐতিহাসিক হানিফ জাভেরিও দাবি করেছেন, রেখার মনে অমিতাভের জন্য আজও এক গভীর আবেগ কাজ করে। তাঁর কথায়, দু’জনের মধ্যে এখনও এক ধরনের আত্মিক টান রয়ে গেছে।

সেই কারণেই হয়তো আবারও প্রশ্ন উঠছে, রেখার সিঁদুর কি শুধুই সাজের অংশ, নাকি সেখানে লুকিয়ে আছে কোনও অপূর্ণ ভালোবাসার গল্প? উত্তর আজও অজানা। আর সম্ভবত সেই রহস্যটুকুই নিজের মতো করেই বাঁচিয়ে রাখতে চান বলিউডের ‘উমরাও জান’।

এসএ/টিএ

মন্তব্য করুন