স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ১৩ মে, ২০২৬
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামীকাল ১৩ মে বিয়ে করবেন তিনি। ইতোমধ্যে বিশিষ্ট ব্যক্তিদের বিয়ের আমন্ত্রণও জানাতে শুরু করেছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাদিক কায়েম। স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন তিনি।
তার বিয়ের দাওয়াত কার্ডের তথ্য অনুযায়ী, সাদিকের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। বুধবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে তাদের আকদ।
রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সাদিক কায়েম জানান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নীত হোক ডাকসু এমন প্রত্যাশাও ব্যক্ত করেন স্পিকার।
এর আগে ডাকসুর ভিপি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকেও বিয়ের আমন্ত্রণপত্র দেন।
ইউটি/টিএ