ভাইরাল শৈশবের ছবি, চিনতে পারলেন কি এই নায়িকাকে?
ছবি: সংগৃহীত
১০:১৫ এএম | ১৩ মে, ২০২৬
শোবিজ তারকাদের শৈশবের ছবি ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই একটু বেশি। প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীকে ছোটবেলার রূপে আবিষ্কার করার আনন্দই যেন আলাদা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তেমনই এক ছবি ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
ছবিতে দেখা যায়, লাল পোশাক আর কপালে টিপ পরা এক ছোট্ট মেয়ে বসে আছে। পেছন থেকে তাঁর মা যত্ন করে চুল আঁচড়ে দিচ্ছেন। সাধারণ একটি পারিবারিক মুহূর্তের সেই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। কারণ, সেই ছোট্ট শিশুই আজ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, আবার এক সময়ের সংসদ সদস্যও।
প্রথম দেখায় অনেকেই চিনতে পারেননি তাঁকে। তবে ধীরে ধীরে প্রকাশ্যে আসে পরিচয়। তিনি আর কেউ নন, টালিউডের আলোচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়, ব্যক্তিজীবন, ফ্যাশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম- সব মিলিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

ছোটপর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন মিমি। জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-এর মাধ্যমে দর্শকের নজরে আসেন। পরে বড়পর্দায় ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তাঁর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ‘বোঝে না সে বোঝে না’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘জামাই ৪২০’, ‘কি করে তোকে বলবো’, ‘কেলোর কীর্তি’, ‘গ্যাংস্টার’, ‘টোটাল দাদাগিরি’, ‘বাজি’ এবং ‘তুফান’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন মিমি।
অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবন নিয়ে বহুবার শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। প্রেম এবং সম্পর্ক ঘিরে নানা গুঞ্জনও কম হয়নি তাঁকে নিয়ে। টালিউডের এক পরিচিত পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্কের খবর এক সময় বেশ চর্চায় ছিল। পরে বিদেশি এক ব্যক্তির প্রেমেও জড়িয়েছিলেন বলে শোনা যায়। যদিও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই সংযত হয়ে পড়েন মিমি। নিজেকে সিঙ্গেল বলেই পরিচয় দিয়ে আসছেন দীর্ঘদিন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় দেখা গিয়েছিল তাঁকে। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর হয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মিমি। তবে মেয়াদ শেষ হওয়ার পর রাজনীতি থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নেন তিনি।
শৈশবের সেই সাধারণ ছবিটি তাই এখন শুধু একটি স্মৃতি নয়, বরং এক সফল অভিনেত্রী ও জননেত্রীর দীর্ঘ পথচলার গল্পও মনে করিয়ে দিচ্ছে ভক্তদের।
এসএ/এস্