শাহরুখ থেকে দীপিকা, কার দেহরক্ষী কত পারিশ্রমিক পান?
ছবি: সংগৃহীত
১১:৫১ এএম | ১৩ মে, ২০২৬
বলিউডের তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বরাবরই সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানের এক মন্তব্যের পর ফের আলোচনায় উঠে এসেছে তারকাদের দেহরক্ষীদের পারিশ্রমিক ও কাজের ধরন।
প্রাক্তন দেহরক্ষী জিশান কুরেশি জানান, এক সময় বলিউডে বড় বড় নিরাপত্তা সংস্থার মাধ্যমে তারকাদের জন্য দেহরক্ষী নিয়োগ করা হতো। সেই ব্যবস্থায় নির্দিষ্ট মাসিক বেতন থাকলেও অতিরিক্ত সুবিধা খুব একটা মিলত না। দিনে দীর্ঘ সময় তারকাদের সঙ্গে থাকতে হতো দেহরক্ষীদের। তবে এখন সেই পদ্ধতিতে পরিবর্তন এসেছে। বর্তমানে অনেক ক্ষেত্রেই সরাসরি তারকাদের সঙ্গে চুক্তির মাধ্যমে কাজ করছেন দেহরক্ষীরা, ফলে পারিশ্রমিকও তুলনামূলকভাবে বেড়েছে।
বিভিন্ন তারকার দেহরক্ষীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে নানা তথ্য সামনে এসেছে। জানা যায়, দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালালউদ্দিন শেখ বছরে প্রায় এক কোটি কুড়ি লাখ টাকা পারিশ্রমিক পান। দীর্ঘদিন ধরে তিনি অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন এবং প্রায়ই তাঁর সঙ্গে বিভিন্ন স্থানে দেখা যায়।

অন্যদিকে অনুষ্কা শর্মার দেহরক্ষী প্রকাশ সিংহ, যিনি সোনু নামেও পরিচিত, বহু বছর ধরে এই দায়িত্বে রয়েছেন। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ব্যক্তিগত ও পেশাগত সফরেও তিনি সবসময় সঙ্গে থাকেন।
বলিউডে দেহরক্ষী প্রসঙ্গ উঠলেই সবার আগে যে নামটি আসে, তিনি হলেন সালমান খানের দীর্ঘদিনের নিরাপত্তা প্রধান শেরা। তাঁর নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে এবং বহু বছর ধরে সলমনের সঙ্গে কাজ করে আসছেন তিনি। শেরার পারিশ্রমিকও কোটি টাকার ঘরে বলে জানা যায়।

তবে সব দেহরক্ষীর আয় নিয়ে যে প্রচলিত ধারণা রয়েছে, তা পুরোপুরি সঠিক নয় বলে দাবি করেছেন অনেকে। এক দেহরক্ষীর মতে, বড় তারকাদের সঙ্গে কাজ করলেই আয়ের পার্থক্য তৈরি হয়, কিন্তু সবাই মাসে কোটি টাকার বেশি পান না।
জিশান কুরেশি আরও জানান, সামাজিক মাধ্যমে অনেক তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, কিছু তারকার ক্ষেত্রে নিরাপত্তাকর্মীরা মাসিক নির্দিষ্ট বেতন পান, যা অনেক সময় তুলনামূলকভাবে সীমিত। আবার শিফট অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া হয়, যাতে একাধিক দেহরক্ষী পালাক্রমে দায়িত্ব পালন করেন।
এছাড়া শুটিং বা প্রমোশনের ক্ষেত্রে দেহরক্ষীদের আলাদা পারিশ্রমিক দেওয়া হয়, যা অনুষ্ঠানভেদে পরিবর্তিত হয়। কিছু দেহরক্ষী আবার মাসিক বেতনের পরিবর্তে দৈনিক ভিত্তিতে কাজ করতে পছন্দ করেন, কারণ বড় ইভেন্টে তুলনামূলক বেশি আয় করা সম্ভব হয়।
তারকারাও অনেক সময় তাঁদের দেহরক্ষীদের ব্যক্তিগত সহায়তা দিয়ে থাকেন বলে জানা যায়। চিকিৎসা খরচ থেকে শুরু করে পারিবারিক সহায়তাও অনেক ক্ষেত্রে তারকারা বহন করেন।
সব মিলিয়ে বলিউড তারকাদের দেহরক্ষীদের জীবন যেমন ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত, তেমনি আয়ের ক্ষেত্রেও রয়েছে ভিন্ন ভিন্ন বাস্তবতা, যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল দিন দিন বাড়ছেই।
এসএ/এসএন