© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটের ফেরি

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটের ফেরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ১৩ মে, ২০২৬
নাব্য সংকটের কারণে বন্ধ থাকার দীর্ঘ প্রায় ৬ মাস পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ চালুর বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্প‌তিবার (১৪ মে‌) রৌমারী থেকে ফেরি কদম চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে এবং পরবর্তীতে কুঞ্জলতা ফেরি ট্রাফিকে যুক্ত হবে।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে অনেকবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ ২০২৫ সালে ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হ‌য়ে যায় ফেরি।

চিলমারীর নৌবন্দর এলাকার খলিল মিয়া বলেন, কয়েক মাস পর ফেরি বন্ধ থাকায় পর আবার চালু হচ্ছে। এটা খুশির বিষয়। আমরা চাই সারা মাস ফেরী চালু থাকুক। এতে করে মানুষের ভোগান্তি কমবে।

কুড়িগ্রাম শহরের ট্রাক ড্রাইভার আব্দুল বারী সরকার বলেন, চিলমারী নৌবন্দর থেকে ঢাকা যেতে অনেক সময় ও তেল কম লাগতো। ফেরি বন্ধ থাকার কারণে এখন অনেক দূর ঘুরে যেতে হয়। এতে তেল ও টাকা বেশি খরচ হচ্ছে। নাব্যতার অজুহাত দেখিয়ে প্রায়ই সময় ফেরি বন্ধ রাখা হয়। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, চিলমারী নৌবন্দর ও রৌমারী ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হ‌য়ে‌ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্প‌তিবার থে‌কে ফেরি চলাচল নিয়মিত শুরু হবে। এবারে ড্রেজিং করার কারণে প্রায় ৬ থেকে ৭ কি‌লোমিটার দূরত্ব ক‌মে আস‌বে।

টিকে/

মন্তব্য করুন