বাবা আমির খানের নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন জুনায়েদ খান
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ১৩ মে, ২০২৬
ষাট বছর বয়সে নতুন সম্পর্কে জড়িয়ে আবারও আলোচনায় আমির খান। জন্মদিনের দিনই সবার সামনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউডের এই তারকা। এরপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে তাদের সম্পর্ক। তবে এবার আলোচনায় উঠে এলেন আমিরপুত্র জুনায়েদ খান। বাবার নতুন সম্পর্ককে তিনি কীভাবে দেখছেন, গৌরীর সঙ্গে তার সম্পর্ক কেমন সেই নিয়েই মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনায়েদ জানান, গৌরীর সঙ্গে তার সম্পর্ক বেশ সহজ ও স্বাভাবিক। এমনকি তিনি গৌরীকে নাম ধরেই ডাকেন। যদিও বাবার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে এখনও ‘আন্টি’ বলেই সম্বোধন করেন তিনি। জুনায়েদের ভাষায়, ছোটবেলা থেকেই সেই অভ্যাস তৈরি হয়েছে। তাই কিরণকে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।

তবে গৌরীর ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। জুনায়েদ বলেন, গৌরী মানুষ হিসেবে খুবই সহজ-সরল এবং ভালো মনের মানুষ। তাই তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠতেও আলাদা কোনও অস্বস্তি হয়নি।
একইসঙ্গে বাবার ব্যক্তিগত জীবন নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন জুনায়েদ। তিনি বলেন, আমির ও গৌরীর সম্পর্ক ঠিক কত দিনের, তা তিনি জানেন না। কারণ সেই বিষয়ে কখনও কৌতূহল দেখাননি। তার মতে, বাবা-মায়ের ব্যক্তিগত পরিসরকে সম্মান করাই সন্তানের দায়িত্ব। তাই তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি মাথা ঘামান না তিনি।
জুনায়েদের বয়স যখন মাত্র সাত, তখনই বিচ্ছেদ হয় আমির খান ও রিনা দত্তের। এরপর বহু বছর পরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তখন কিশোর বয়স জুনেইদের। সময়ের সঙ্গে অনেক সম্পর্কের সমীকরণ বদলেছে। কিন্তু বাবার নতুন সম্পর্ক নিয়েও যে পরিণত মানসিকতা দেখাচ্ছেন জুনায়েদ, তা মুগ্ধ করেছে অনেককেই।
এর আগেই আমির জানিয়েছেন, গৌরীর সঙ্গে তিনি মানসিকভাবে নিজেকে বিবাহিত বলেই মনে করেন। প্রায় দুই বছর ধরে একসঙ্গে থাকছেন তারা। আর সেই সম্পর্ককেই এখন ধীরে ধীরে পরিবারের সদস্যরাও স্বাভাবিকভাবে গ্রহণ করে নিচ্ছেন বলেই মনে করছেন অনেকে।
পিআর/টিএ