কোহলিকে নিয়ে মিথ্যা বলতে টাকার প্রস্তাব পেয়েছিলেন জার্মান ইনফ্লুয়েন্সার
ছবি: সংগৃহীত
০৬:৫২ পিএম | ১৩ মে, ২০২৬
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ঘিরে সাম্প্রতিক ইনস্টাগ্রাম বিতর্কে নতুন মোড় এসেছে। জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা লিজলাজ দাবি করেছেন, কয়েকজন সাংবাদিক তাকে কোহলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে টাকার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ফিল্মিমন্ত্রা মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লিজলাজ বলেন, 'কিছু সাংবাদিক আমাকে টাকা দিতে চেয়েছিলেন, যাতে আমি কোহলির বিরুদ্ধে খারাপ কথা বলি এবং এমন কিছু অভিযোগ তুলি, যা তিনি কখনও করেননি। কিন্তু আমি কেন তা করব?'
তিনি আরও জানান, প্রচার বা অর্থের জন্য তিনি কখনও কোহলির ভাবমূর্তি নষ্ট করতে চান না। বরং ভারতীয় এই ব্যাটার তার পছন্দের ক্রিকেটারদের একজন বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিজলাজের একটি পুরোনো পোস্টে ‘লাইক’ দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও কোহলি তাকে অনুসরণ করেন না, তবুও সেই ইন্টারঅ্যাকশনের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ে।
এর আগে ২০২৫ সালে অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌরকে ঘিরেও একই ধরনের বিতর্কে পড়েছিলেন কোহলি। তখন তিনি দাবি করেছিলেন, ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কারণেই ঘটনাটি ঘটেছে।
এদিকে মাঠের খেলায়ও কিছুটা চাপের মধ্যে রয়েছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ১১ ম্যাচে ৩৭৯ রান করলেও শেষ দুই ম্যাচে টানা দুটি শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্লে-অফের আগে তার ফর্ম এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আইকে/টিএ