কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ১৩ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।
আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেবেন। ওইদিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
এদিকে সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজও চলছে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সফরস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছানো, নিরাপত্তাব্যবস্থা জোরদার, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল স্বশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গে বৈঠকও হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
আইকে/টিএ