আমিরের ছেলে জুনায়েদকে গোপন পরামর্শ সালমান-শাহরুখের?
ছবি: সংগৃহীত
০৭:৫৫ পিএম | ১৩ মে, ২০২৬
বাবা আমির খান বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই পরিচিত। কয়েক দশক ধরে বলিউড মাতিয়ে যাচ্ছেন আমির। তারই পদাঙ্ক অনুসরণ করে বলিউড পর্দায় নাম লিখিয়েছেন ছেলে জুনায়েদ খান। দুর্দান্ত অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি।
আমিরপুত্র জুনায়েদ খানের এই বলিউড যাত্রা এখন বলিপাড়ায় আলোচিত বিষয়। ক্যারিয়ারের শুরুর দিকের কিছু মজার ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনায়েদ ফাঁস করেছেন। বাবার দুই ঘনিষ্ঠ বন্ধু সালমান খান ও শাহরুখ খান তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন, সেটিই এখন খবরের শিরোনামে। মজার ছলে জুনায়েদ বলেন, এসব ছিল গোপন পরামর্শ।

প্রথম সিনেমা ‘মহারাজ’ মুক্তির পর সালমান তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে ভরপুর অ্যাকশন সিনেমা করার পরামর্শ দেন বলে জানান জুনেইদ। এরপর ‘লাভইয়াপ্পা’র কথা শুনে বলি ভাইজান রসিকতা করে বলেন, ‘রোম্যান্স তো হলো, এবার একটু মারপিট বা অ্যাকশন হিরো হিসেবে নিজেকে তৈরি করো।’
অন্যদিকে, শাহরুখ-জুনেইদের আলাপচারিতা ছিল আরও মজার। আমিরপুত্র জানান, শাহরুখ তাকে অভিনয়ের খুঁটিনাটি শেখানোর পাশাপাশি একটি বিশেষ প্রস্তাব দেন। বলিউড বাদশা মজার ছলে জুনায়েদকে জানান, যদি কখনও বাবা আমির খানের সঙ্গে মতবিরোধ হয় বা বেশি শাসন করে তাহলে যেন নির্দ্বিধায় শাহরুখের কাছে চলে আসেন।
কিছুদিন আগে দক্ষিণী সাই পল্লবীর সঙ্গে ‘এক দিন’ সিনেমায় অসাধারণ অভিনয় করে আলোচনায় আসেন জুনায়েদ খান।
সূত্র: আজকাল
পিআর/টিএ