সুন্দরবনে বনদস্যুদের সাথে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ১৩ মে, ২০২৬
সুন্দরবনের কোকিলমনি সিঙারটেক এলাকায় বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মে) সকালে এ অভিযানে দস্যুদের কবল থেকে অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত অস্ত্র, গুলি, ওয়াকি-টকি ও একটি ট্রলার জব্দ করেছে বনবিভাগ।
বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে দস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা গুলি ছুড়লে বনকর্মীরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা ট্রলারে থাকা অপহৃত জেলেদের রেখে বনের গহীনে পালিয়ে যায়। এতে করে বনদস্যুদের ধরা সম্ভব হয়না। বনবিভাগের কর্মকর্তারা জানান, গুলি চালানো দস্যুরা ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য।
অভিযান শেষে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, দুটি ওয়াকি টকি ও একটি ট্রলারসহ ৪ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ।
বর্তমানে উদ্ধার জেলেরা শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে রয়েছেন। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টিকে/