কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ব্যবহারে বিরক্ত অনুরাগী!
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ১৩ মে, ২০২৬
ফ্রান্সের কান শহরে এবারও নজর কাড়ছেন আলিয়া ভাট। একের পর এক ভিন্ন সাজে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাজির হয়ে প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। তবে গ্ল্যামারের সেই আলোচনার মাঝেই এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ভিন্ন ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি উৎসব চলাকালীন একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় আলিয়াকে ঘিরে ধরেন অনুরাগী ও আলোকচিত্রীদের বড় একটি দল। প্রথমে ধৈর্য ধরে সবার সঙ্গে কথা বলেন অভিনেত্রী। কেউ ছবি তুলতে চাইলে সেই সুযোগও দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ভিড় বাড়তে শুরু করলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।

সেই সময় বিরক্ত হয়ে আলিয়াকে বলতে শোনা যায়, “হয়ে গিয়েছে, এবার ছাড়ো।” এরপরই নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।
কেউ কেউ মনে করছেন, অনুরাগীদের সঙ্গে আরও সংযত আচরণ করা উচিত ছিল অভিনেত্রীর। আবার অনেকের দাবি, অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে যে কেউই অস্বস্তিতে পড়তে পারেন। ফলে আলিয়ার প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা।
এর আগেও কান উৎসবে আলিয়াকে ঘিরে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, লাল গালিচায় দাঁড়িয়ে বারবার আলোকচিত্রীদের দিকে হাত নাড়লেও খুব একটা সাড়া পাচ্ছিলেন না তিনি। পরে এক কর্মকর্তা এসে তাকে উপরের সিঁড়ির দিকে নিয়ে যান। সেই দৃশ্য নিয়েও নেটদুনিয়ায় নানা মন্তব্য দেখা যায়।
চলতি বছরের কান উৎসবে আলিয়ার পোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও গোলাপি গাউনে, কখনও আবার হালকা রঙের শাড়িতে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তবে ফ্যাশনের প্রশংসার পাশাপাশি এবার তার আচরণও জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যমের আলোচনায়।
যদিও পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।
পিআর/টিএ