আমার দিকে কেউ ফিরে তাকাল না: রজনীকান্ত
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ১৩ মে, ২০২৬
দক্ষিণী সিনেমার জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত। সাত দশক পেরিয়েও যার সিনেমা মুক্তি মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। তামিলনাড়ুতে তিনি শুধু অভিনেতা নন, অনেক ভক্তের কাছে প্রায় দেবতুল্য এক নাম। কিন্তু জীবনের এক ঘটনা নাকি মুহূর্তেই ভেঙে দিয়েছিল তারকাখ্যাতির অহঙ্কার।
সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশংকর-এর প্রতিষ্ঠিত আর্ট অব লিভিং ফাউন্ডেশন-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন রজনীকান্ত। বেঙ্গালুরুর আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অভিনেতা জানান, বহু বছর আগে প্রথমবার সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।

রজনীকান্তের কথায়, তিনি ভেবেছিলেন অন্য জায়গার মতো আশ্রমেও সবাই তাকে ঘিরে ধরবে। বিশেষ করে সেখানে তামিলনাড়ুর বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তার দিকে ফিরেও তাকাননি। এমনকি একজন মানুষও তাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাননি।
এই অভিজ্ঞতাই নাকি তাকে বড় এক শিক্ষা দিয়েছিল। অভিনেতার ভাষায়, তখনই তিনি বুঝেছিলেন আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। একইসঙ্গে উপলব্ধি করেছিলেন, প্রকৃত খ্যাতি বা তারকামর্যাদা আসলে কী।
প্রথমে দু’দিনের জন্য আশ্রমে গিয়েছিলেন রজনীকান্ত। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি আর শান্ত জীবনযাপন তাকে এতটাই আকৃষ্ট করেছিল যে শেষ পর্যন্ত প্রায় দশ দিন সেখানে কাটিয়ে তবেই বাড়ি ফেরেন।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সাফল্য, জনপ্রিয়তা আর ভক্তদের উন্মাদনা দেখেছেন রজনীকান্ত। তবুও জীবনের সেই এক মুহূর্ত তাকে বুঝিয়ে দিয়েছিল, পর্দার বাইরের পৃথিবী একেবারেই আলাদা। আর সেই উপলব্ধিই আজও অভিনেতার মনে গভীরভাবে গেঁথে রয়েছে।
পিআর/টিএ