ইংল্যান্ড পুরুষ দলের নতুন ফিল্ডিং কোচ নারী দলের সাবেক উইকেটকিপার
ছবি: সংগৃহীত
১২:০৫ এএম | ১৪ মে, ২০২৬
ছেলেদের ক্রিকেটে মেয়েদের বিভিন্ন ভূমিকায় দেখার ঘটনা নতুন কিছু নয়। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ফেলল।
ইংল্যান্ড জাতীয় পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো নারী দলের সাবেক উইকেটকিপার-ব্যাটার সারাহ টেলরকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বেন স্টোকস-জো রুটদের কোচিং করাতে দেখা যাবে তাকে।
২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতা সারাহ টেলর ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ঘরোয়া ক্রিকেট খেলেন ২০২১ সাল পর্যন্ত।
এরপর ঝুঁকে পড়েন কোচিংয়ে।
কয়েক বছর ধরে ইসিবির কোচিং প্যানেলে যুক্ত আছেন সারাহ টেলর। গত বছর অস্ট্রেলিয়ায় অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) সহকারী কোচ হিসেবে কাজ করেন।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে ৩৬ বছর বয়সী সারাহ টেলর ইংল্যান্ড পুরুষ দলের ইতিহাসে সবচেয়ে সিনিয়র নারী কোচিং নিয়োগের স্বীকৃতি পেলেন।

এ ব্যাপারে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে সারাহ টেলর ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। লায়ন্স দলের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন এবং তার কাজের ধরনে আমরা মুগ্ধ।’
কার্ল হপকিনসনের জায়গায় ইংল্যান্ড জাতীয় পুরুষ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন সারাহ টেলর। হপকিনসন বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করছেন।
টিজে/টিএ