© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

শেয়ার করুন:
কুড়িগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ এএম | ১৪ মে, ২০২৬
কুড়িগ্রামে চলতি বছরে আজ বুধবার( ১৩মে) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকড করা হয়েছে। টানা এই ভারী বর্ষণে জনজীবনে নেমে এসেছে ব্যাপক দুর্ভোগ।

জানা গেছে, বুধবার (১৩ মে) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর ও গ্রামাঞ্চলের সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো ধান চাষীরা। পাকা ধান কাটার মৌসুমে এমন বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড় এলাকার দিনমজুর আতিক মিয়া (৫৫) বলেন, বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছি না। কাজও বন্ধ। একদিন কাজ না করলে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়।

ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম বলেন,আমার পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ধান কাটা নিয়ে খুব বিপদে আছি। এত বৃষ্টির মধ্যে কীভাবে ধান কাটবো বুঝতে পারছি না।

তবে টানা বর্ষণের পর বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও, জমে থাকা পানি দ্রুত না নামায় কৃষি ও জনজীবনে ভোগান্তি পরে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত।

অন্যদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “রাত থেকে ভারী বৃষ্টিতে ধানের জমিতে পানি জমে গেছে। গত তিন দিনে কিছু ধান কাটা গেলেও এখনো প্রায় অর্ধেক জমির ধান বাকি রয়েছে। পানি নেমে গেলে কৃষকেরা আবার ধান কাটতে পারবেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পানিতে নিমজ্জিত কিছু জমির পাট ও সবজি নষ্ট হয়ে যেতে পারে। বৃষ্টি থেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।”

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “এই অঞ্চলে গত পাঁচ বছরের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।”

টিজে/টিএ 

মন্তব্য করুন