'নো এন্ট্রি'র সিক্যুয়েলে থাকছেন না বরুণ!
ছবি: সংগৃহীত
১০:২১ এএম | ১৪ মে, ২০২৬
দুই দশকেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি হিসেবে দর্শকের মনে জায়গা করে রয়েছে। সালমান খান, অনিল কাপুর এবং ফারদিন খানের উপস্থিতিতে ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনই দর্শকদের হাসির খোরাকও জুগিয়েছিল দীর্ঘদিন। সেই ছবিরই সিক্যুয়েল ঘিরে বহুদিন ধরেই তৈরি হয়েছিল উত্তেজনা। কিন্তু ছবি শুরুর আগেই একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে ‘নো এন্ট্রি টু’।
প্রথমে জানা গিয়েছিল, নতুন ছবিতে দেখা যাবে অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান এবং দিলজিত দোসাঁঝকে। নতুন প্রজন্মের এই তিন তারকাকে নিয়ে পুরোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে হাজির করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু আচমকাই সামনে আসে বড় খবর। ছবিটি থেকে সরে দাঁড়ান দিলজিত দোসাঁঝ। পরে জানা যায়, তাঁর জায়গায় নেওয়া হয়েছে শাহিদ কাপুরকে।
তবে সেখানেই শেষ হয়নি জটিলতা। এবার শোনা যাচ্ছে, বরুণ ধাওয়ানও আর থাকছেন না এই ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারে। সেই ব্যস্ততার মাঝেই ‘নো এন্ট্রি টু’ থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর বলিউডে নতুন করে চর্চা শুরু করেছে।

সূত্রের দাবি, একের পর এক তারকা বদলের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে ছবির কাজ। ফলে এখন বড় প্রশ্ন, আদৌ কবে আবার শুরু হবে ‘নো এন্ট্রি টু’-এর শুটিং? আর বরুণ ধাওয়ানের জায়গায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেটাও এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।
পুরোনো জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। কিন্তু শুরুতেই যদি এত পরিবর্তন আসে, তাহলে সেই প্রত্যাশার ভার সামলানো নির্মাতাদের জন্য সহজ হবে না বলেই মনে করছেন অনেকে।
এসএ/এসএন