সাই পল্লবীর হিন্দি উচ্চারণে অসন্তুষ্ট রামায়ণের নির্মাতারা?
ছবি: সংগৃহীত
০৩:২২ পিএম | ১৪ মে, ২০২৬
সদ্য মুক্তি পাওয়া ‘এক দিন’ ছবিকে ঘিরে যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার অনেকটাই ভেস্তে গেছে। বক্স অফিসে ছবিটির সাড়া না মেলার পাশাপাশি এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী সাই পল্লবীর হিন্দি উচ্চারণ। আর সেই বিতর্ক থেকেই শুরু হয়েছে আরও বড় জল্পনা, ‘রামায়ণ’ ছবিতে তাঁর সংলাপ কি অন্য কাউকে দিয়ে ডাব করানো হবে?
নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আর রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। কিন্তু ছবি মুক্তির আগেই সাই পল্লবীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘এক দিন’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জুনায়েদ খান। ছবির প্রচারে গিয়ে হিন্দিতে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল ট্রোলিং। অনেকেই দাবি করেন, সাই পল্লবীর হিন্দি উচ্চারণ স্পষ্ট নয়। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এমন উচ্চারণ নিয়ে কীভাবে তাঁকে সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হলো।
এই বিতর্কের মাঝেই এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘রামায়ণ’-এর নির্মাতারা নাকি ভাবছেন সাই পল্লবীর সংলাপ অন্য কাউকে দিয়ে ডাব করানোর কথা। কারণ, তাঁরা চাইছেন ভাষা যেন আরও নিখুঁত ও শ্রুতিমধুর শোনায়। বিশেষ করে সীতার মতো পৌরাণিক চরিত্রের ক্ষেত্রে উচ্চারণ এবং সংলাপ বলার ভঙ্গিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।
তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সবটাই এখন আলোচনা আর জল্পনার পর্যায়ে রয়েছে। তবু এই খবর সামনে আসতেই বলিউডে নতুন করে শুরু হয়েছে চর্চা।

এদিকে ‘এক দিন’ ছবিটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত ১ মে মুক্তি পাওয়া এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং। কিন্তু তারকাখচিত আয়োজন থাকা সত্ত্বেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে ছবিটি।
অন্যদিকে ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। প্রথমে সীতার চরিত্রের জন্য ভাবা হয়েছিল আলিয়া ভাটকে। কিন্তু সময়ের সমস্যার কারণে শেষ পর্যন্ত সেই জায়গায় আসেন সাই পল্লবী। ফলে শুরু থেকেই এই চরিত্র নিয়ে দর্শকের কৌতূহল ছিল। এখন সেই কৌতূহলের সঙ্গে যোগ হয়েছে নতুন বিতর্কও।
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর প্রথম অংশ। দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালের দীপাবলিতে। তবে ছবি মুক্তির আগেই সাই পল্লবীকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও কতদূর গড়ায় এখন সেটাই দেখার।
এসএ/এসএন