‘ধুরন্ধর’ দেখেই রাকেশ বেদীকে চিনে ফেললেন ট্রাফিক পুলিশ
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ১৪ মে, ২০২৬
রাস্তায় লাল বাতি জ্বলতেই গাড়ি থামল। ঠিক সেই মুহূর্তেই গাড়ির পাশে এসে দাঁড়ালেন কয়েক জন ট্রাফিক পুলিশ। সাধারণত এমন দৃশ্যে চালক কিংবা যাত্রীরা কিছুটা অস্বস্তিতে পড়েন। কিন্তু গাড়ির ভেতরে যদি বসে থাকেন রাকেশ বেদীর মতো অভিনেতা, তা হলে পরিস্থিতিও যে অন্য রকম হয়ে উঠতে পারে, সেটাই যেন আরও একবার প্রমাণ হল।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। সিগন্যালে গাড়ি থামতেই কয়েক জন ট্রাফিক পুলিশ তাঁকে চিনে ফেলেন। কাগজপত্র দেখতে চাওয়ার বদলে তাঁদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। এক পুলিশকর্মী অভিনেতাকে দেখে বলে ওঠেন, ‘ধুরন্ধর’ দারুণ লেগেছে তাঁর। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন বলেও জানান তিনি। বিশেষ করে ছবিতে রাকেশ বেদীর অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলেও শোনান।
এর পরেই আর এক পুলিশকর্মী দ্রুত অভিনেতার সঙ্গে ছবি তুলে নেন। গোটা পরিস্থিতিটাই মুহূর্তের মধ্যে যেন হাসি-আড্ডার পরিবেশ তৈরি করে দেয়। আর সেই সময় নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় সকলকে আরও হাসিয়ে দেন রাকেশ। মজার ছলে তিনি বলে ওঠেন, এবার যেন তাঁর গাড়ির চালান না কাটা হয়।
ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, এত জনপ্রিয় হওয়ার পরেও মাটির মানুষের মতো আচরণই তাঁকে আলাদা করে দিয়েছে। আবার কেউ বলেছেন, এই বয়সেও যাঁর রসবোধ এত প্রাণবন্ত, তিনিই প্রকৃত কিংবদন্তি।

ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ রাকেশ বেদী। আশির দশকে ‘চষমে বদ্দুর’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু। এরপর একের পর এক জনপ্রিয় ধারাবাহিক তাঁকে পৌঁছে দেয় ঘরে ঘরে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের উপস্থিতি ধরে রেখেছেন তিনি। সাম্প্রতিক সময়েও একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিতে পাকিস্তানি রাজনীতিক জামিল জামালির চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন রাকেশ বেদী। আদিত্য ধর পরিচালিত ছবিটিতে তাঁর অভিনয় ইতিমধ্যেই সমালোচকদের নজর কেড়েছে। আর সেই আবহেই ট্রাফিক সিগন্যালে ঘটে যাওয়া এই ছোট্ট ঘটনাও যেন আরও একবার মনে করিয়ে দিল, জনপ্রিয়তা শুধু পর্দায় নয়, মানুষের মনেও তৈরি হয়।
এসএ/এসএন