চুপিসারেই বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা
ছবি: সংগৃহীত
০৪:০৩ পিএম | ১৪ মে, ২০২৬
পর্দায় প্রেম করতে করতেই বাস্তবেও কাছাকাছি চলে আসা, টেলিদুনিয়ায় এমন গল্প নতুন নয়। আর সেই তালিকাতেই কি এবার নাম লিখিয়ে ফেললেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়? টলিপাড়ার অন্দরমহলে এখন ঘুরছে ঠিক এমনই জোর গুঞ্জন। জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র ‘দীপ’ আর ‘ঝাঁপি’র সম্পর্ক নাকি আর শুধু পর্দার মধ্যেই আটকে নেই। বরং বাস্তবেও সেই সম্পর্ক অনেকটাই গভীরে পৌঁছে গিয়েছে বলেই দাবি স্টুডিওপাড়ার একাংশের।
গত কয়েক মাস ধরেই সমাজমাধ্যমে সৌরভ এবং শুভস্মিতার একসঙ্গে কাটানো নানা মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের। কখনও আদুরে ছবি, কখনও একে অপরকে ঘিরে মজার পোস্ট, আবার কখনও একান্ত সময়ের ঝলক- সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমেই বেড়েছে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গে স্পষ্ট কিছু বলতে চাননি।
তবে এবার টেলিপাড়ার অন্দরে ছড়িয়েছে আরও বড় খবর। সূত্রের দাবি, গত ১০ তারিখ নাকি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে চুপিসারে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন তাঁরা। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ঘরোয়া। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। যোগাযোগ করা হলেও কেউই স্পষ্ট করে কিছু বলতে চাননি।

শুধু তাই নয়, শোনা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হলেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ ও শুভস্মিতা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু আশীর্বাদ পর্বের খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে টেলিপাড়ায়।
এই জল্পনার মাঝেই বারবার উঠে আসছে সৌরভের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও। চলতি বছরের জানুয়ারিতে সৌরভের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী মধুমিতা সরকার দ্বিতীয়বার বিয়ে করেন তাঁর শৈশবের বন্ধু দেবমাল্যকে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই সৌরভের নতুন সম্পর্ক এবং সম্ভাব্য বিয়ের খবর ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
এর আগেও অবশ্য বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন শুভস্মিতা। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁরা বিয়ে করছেন না। যদি কখনও করেন, তা হলে নিশ্চয়ই সকলকে জানাবেন। অন্যদিকে সৌরভও বলেছিলেন, দর্শক তাঁদের জুটি হিসেবে খুব ভালোবাসেন বলেই হয়তো এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে বন্ধুত্বের সম্পর্ক যে তাঁদের মধ্যে রয়েছে, সেটাও স্বীকার করেছিলেন অভিনেতা।
কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে তাঁদের ঘনিষ্ঠ রসায়ন, একসঙ্গে কাটানো মুহূর্ত এবং এবার আশীর্বাদের খবর- সব মিলিয়ে অনুরাগীদের একাংশের ধারণা, মুখে অস্বীকার করলেও সম্পর্কের সমীকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ‘স্পিকটি নট’ সৌরভ-শুভস্মিতা জুটি।
এসএ/এসএন