© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মমতাকে কটাক্ষ করে টালিউডে ‘স্বাধীনতা’র বার্তা দিলেন মিঠুন

শেয়ার করুন:
মমতাকে কটাক্ষ করে টালিউডে ‘স্বাধীনতা’র বার্তা দিলেন মিঠুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ১৪ মে, ২০২৬
দীর্ঘ রাজনৈতিক বিতর্ক, টানাপোড়েন আর একাধিক জল্পনার পর অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। গত বছর দেশজুড়ে মুক্তি পেলেও নানা বিতর্কের কারণে বাংলায় ছবিটি দেখানো হয়নি। সেই সময় কলকাতায় ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। তবে সমস্ত জট কাটিয়ে আগামী ১৫ মে রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

একই দিনে মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তীর নতুন ছবি ‘আখরি সাওয়াল’। সেই ছবির প্রচারে শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন। ছেলের অভিনয় থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক পালাবদল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও সরব হতে দেখা গেল তাঁকে।

মিঠুনের কথায়, গত পাঁচ বছর ধরে তিনি নিরলস পরিশ্রম করেছেন। মানুষের কাছে গিয়েছেন, প্রচার করেছেন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন। তাঁর দাবি, যে পরিবর্তন হয়েছে, তা সময়ের দাবি ছিল। অভিনেতা-রাজনীতিকের বক্তব্যে স্পষ্ট, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।



টলিপাড়ায় ছবি বা অভিনেতা নিষিদ্ধ করার সংস্কৃতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর দাবি, এখন থেকে কোনও ছবির উপর আর রাজনৈতিক রং চাপানো হবে না। দর্শকই ঠিক করবেন কোন ছবি চলবে, আর কোন ছবি চলবে না। ভাল ছবি হলে মানুষ দেখবেন, খারাপ হলে প্রত্যাখ্যান করবেন- সিদ্ধান্ত পুরোপুরি দর্শকের হাতেই থাকা উচিত বলেই মত মিঠুনের।

ছেলে নমশীর নতুন ছবিকেও যথেষ্ট সাহসী কাজ বলে উল্লেখ করেছেন তিনি। বাবার গলায় স্পষ্ট গর্ব, নমশীকে তিনি একজন দক্ষ অভিনেতা বলেই মনে করেন। একই সঙ্গে রাজ্যের এই পরিবর্তনের সময়েই ছেলের ছবি মুক্তি পাওয়ায় তাঁর আনন্দ আরও বেড়েছে বলেও জানিয়েছেন।

এদিকে নির্বাচনের পর বৃহস্পতিবার সকালে হাইকোর্টে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলায় সওয়াল করতেই আইনজীবীর পোশাকে আদালতে পৌঁছেছিলেন তিনি। সেই প্রসঙ্গেও কটাক্ষ করতে পিছপা হননি মিঠুন। তাঁর বক্তব্য, মমতা এতদিন যা ইচ্ছে করেছেন, এখনও তাই করছেন। তবে তা নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন অভিনেতা-রাজনীতিক।

সব মিলিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তিকে ঘিরে যখন নতুন করে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই মিঠুন চক্রবর্তীর মন্তব্যে রাজ্য রাজনীতি ও টলিপাড়ার অন্দরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

এসএ/এসএন

মন্তব্য করুন