© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ন্সের অপ্রকাশিত গান চুরির ঘটনায় অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
বিয়ন্সের অপ্রকাশিত গান চুরির ঘটনায় অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ এএম | ১৫ মে, ২০২৬
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম কেলভিন ইভান্স (৪১)। গত বছর জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি গাড়িতে অনুপ্রবেশ এবং অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগ স্বীকার করেন তিনি। কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাকে আরও তিন বছরের জন্য বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন।

গাড়ির কাচ ভেঙে বিখ্যাত পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গান থাকা হার্ডড্রাইভ চুরির দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম কেলভিন ইভান্স (৪১)। গত বছর জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি গাড়িতে অনুপ্রবেশ এবং অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগ স্বীকার করেন তিনি। কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাকে আরও তিন বছরের জন্য বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন।

২০২৫ সালের ৮ জুলাই আটলান্টায় বিয়ন্সের 'কাউবয় কার্টার' ট্যুর চলাকালে এই চুরির ঘটনা ঘটে। বিয়ন্সের একজন কোরিওগ্রাফার এবং একজন নৃত্যশিল্পীর ভাড়া করা একটি 'জিপ ওয়াগনার' গাড়িতে উদ্দেশ্যহীনভাবেই হানা দিয়েছিলেন ইভান্স।

ওই দুজন ফিরে এসে দেখেন, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং তাদের মালপত্র উধাও। তবে তদন্তকারীরা এখনো সেই হার্ডড্রাইভ বা চুরি যাওয়া অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে পারেননি।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় বিবিসিকে নিশ্চিত করেছে, চলতি সপ্তাহে বিচার শুরু হওয়ার আগে গত মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করে একটি আইনি সমঝোতায় পৌঁছান ইভান্স।

তার আইনজীবী বিচারককে বলেন, তার মক্কেল "এমন একটি ভবিষ্যতের আশা করছেন যেখানে তিনি বৈধভাবে অর্থ উপার্জন করতে পারবেন এবং আমাদের বাকিদের মতো সমাজের অংশ হয়ে থাকতে পারবেন।"

গত সোমবার এই মামলার জুরি নির্বাচন শুরু হয় এবং কৌঁসুলিরা সিসিটিভি ফুটেজ প্রদর্শন করেন। ফুটেজে ইভান্সকে একটি লাল রঙের হুন্দাই গাড়ি চালিয়ে পার্কিং গ্যারেজে ওই ভাড়া করা গাড়ির পাশে এসে থামতে দেখা যায়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একই লাল হুন্দাই গাড়ি একটি অ্যাপার্টমেন্ট ব্লকে পৌঁছায় এবং ইভান্স কিছু স্যুটকেস নাড়াচাড়া করছেন, যা বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী ডায়ান্দ্রে ব্লু-র বলে ধারণা করা হচ্ছে।



গ্রান্ট এবং ব্লু পুলিশকে জানিয়েছিলেন, তাদের গাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল দুটি ম্যাকবুক ল্যাপটপ, অ্যাপল হেডফোন, দামি পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম এবং হার্ডড্রাইভ।

তদন্তকারীদের মতে, ওই হার্ডড্রাইভগুলোতেই বিয়ন্সের অপ্রকাশিত গান ছিল। গ্রান্ট কর্তৃপক্ষকে আরও জানান যে, তার কাছে বিয়ন্সের "ব্যক্তিগত সংবেদনশীল তথ্য"ও ছিল।

কৌঁসুলিরা জানান, চুরি যাওয়া ল্যাপটপগুলোতে ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত ছিল, যার মাধ্যমে জিনিসগুলোর অবস্থান দ্বিতীয় ভিডিওতে দেখা ঠিকানাতেই শনাক্ত করা হয়েছিল।

সাজার অংশ হিসেবে ইভান্সকে ভুক্তভোগীদের কাছ থেকে এবং চুরির ঘটনা ঘটা সেই কার পার্কিং এলাকা থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে বন্দি আছেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিয়ন্সের 'কাউবয় কার্টার' ট্যুরের চার রাতের কনসার্ট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে এই চুরির ঘটনাটি ঘটেছিল।

আইকে/টিএ

মন্তব্য করুন