কিং ছবির জন্য নিজেকে বদলে ফেলেছেন অভিষেক
ছবি: সংগৃহীত
০৬:২২ এএম | ১৫ মে, ২০২৬
দক্ষিণ আফ্রিকা থেকে আচমকাই ছড়িয়ে পড়েছে অভিষেক বচ্চনের একাধিক ছবি। কোথাও তাঁকে দেখা যাচ্ছে ট্রেঞ্চ কোট পরে গাড়ির ওপর দাঁড়িয়ে থাকতে, কোথাও আবার হাতে শটগান তুলে হুমকির ভঙ্গিতে তাক করে আছেন সামনে। শান্ত স্বভাবের অভিষেককে এমন ভয়ংকর অবতারে দেখে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ছবি।
তবে বাস্তবে কোনও বিতর্ক নয়, সবটাই আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ের অংশ। বহু প্রতীক্ষিত এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। আর দক্ষিণ আফ্রিকার সেট থেকে ফাঁস হওয়া ছবিগুলোকেই এখন মনে করা হচ্ছে অভিনেতার প্রথম ঝলক।
খবর, ছবিতে একেবারে অন্যরকম রূপে ধরা দেবেন জুনিয়র বচ্চন। দীর্ঘদিন পর এমন গা ছমছমে নেতিবাচক চরিত্রে তাঁকে দেখে উচ্ছ্বসিত দর্শকের একাংশ। কারণ এর আগেও ‘ইউভা’, ‘রাবণ’, ‘বব বিশ্বাস’ কিংবা ‘ভোলা’র মতো ছবিতে খলচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

বলিউডের অন্দরমহলের খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজে খুব যত্ন নিয়ে অভিষেকের চরিত্রটি তৈরি করেছেন। শুধু অভিনয় নয়, চরিত্রের জন্য নিজের চেহারাতেও বড় পরিবর্তন এনেছেন অভিনেতা। জানা যাচ্ছে, এই ছবির জন্য তাঁকে আরও রোগা ও ধারালো লুকে দেখতে চেয়েছিলেন পরিচালক। সেই কারণেই নিয়মিত শরীরচর্চা করে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন অভিষেক।
অন্যদিকে, শাহরুখ খানকেও এই ছবিতে দেখা যাবে একেবারে ভিন্ন অবতারে। ফলে পর্দায় শাহরুখ আর অভিষেকের সংঘর্ষ ঘিরে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে দর্শকদের উত্তেজনা।
অভিষেক বচ্চনের কেরিয়ার বরাবরই নানা আলোচনা আর তুলনার মধ্যে দিয়ে এগিয়েছে। বাবা অমিতাভ বচ্চনের বিশাল তারকাখ্যাতির ছায়া তাঁর ওপর সবসময়ই ছিল। বহুবার অভিনয়ের প্রশংসা পেলেও বক্স অফিসের নিরিখে তাঁকে শুনতে হয়েছে ব্যর্থতার কথাও। তবু সময়ের সঙ্গে বারবার নিজেকে ভেঙে নতুন চরিত্রে হাজির করার চেষ্টা করেছেন তিনি।
২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। এরপর দীর্ঘ পথচলায় কখনও নায়ক, কখনও চরিত্রাভিনেতা, আবার কখনও খলনায়কের ভূমিকায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আর এবার ‘কিং’-এ তাঁর এই ভয়ংকর অবতার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই।
এখন শুধু অপেক্ষা বড় পর্দায় শাহরুখ আর অভিষেকের সেই মুখোমুখি লড়াই দেখার।
আইকে/টিএ