ওবিয়েদোর বিপক্ষে সহজ জয় রিয়াল মাদ্রিদের
ছবি: সংগৃহীত
০৭:৪৮ এএম | ১৫ মে, ২০২৬
লা লিগার শিরোপা লড়াই আগেই শেষ হয়ে গেছে। তাই মৌসুমের বাকি ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের লক্ষ্য এখন ভালো ফুটবল খেলে সমাপ্তি টানা। সেই লক্ষ্যেই সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাতে রিয়াল ওবিয়েদোকে ২-০ গোলে হারিয়েছে আলভারো আরবেলোয়ার দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর ৩৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের নিখুঁত পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় রিয়াল। তবে সুযোগ নষ্টের মহড়ার মাঝেও ৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে ভয় ছড়ায় ওবিয়েদো। নাচো ভিদালের জোরালো শটটি অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে রক্ষা পায় স্বাগতিকরা।

পেশির চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পেকে ৭০তম মিনিটে মাঠে নামান কোচ আরবেলোয়া। ম্যাচের কয়েক ঘণ্টা আগেই তাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স।
এমবাপ্পে মাঠে নামার পর আরও প্রাণ ফিরে পায় রিয়ালের আক্রমণ। ৮০তম মিনিটে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা জুড বেলিংহ্যাম। ডি-বক্সে জায়গা তৈরি করে করা এই গোলটি ছিল চলতি বছরে লিগে ইংলিশ মিডফিল্ডারের প্রথম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার সপ্তম গোল।
৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা, তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। অন্যদিকে আগেই অবনমন নিশ্চিত হওয়া ওবিয়েদোর এই ম্যাচ থেকেও পাওয়ার কিছু ছিল না।
আরআই/এসএন