© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ঈদ মাতাবে শুভ-মিমের সিনেমা

শেয়ার করুন:
এবার ঈদ মাতাবে শুভ-মিমের সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ১৫ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সম্প্রতি এফডিসিতে শেষ হয়েছে সিনেমাটির আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং। বিশাল আয়োজনে ধারণ করা এ গানে অংশ নেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী।


‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান, আর কথা লিখেছেন লুৎফর হাসান। তবে গানটি নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে নারাজ নির্মাতা সাইফ চন্দন।

চার বছর আগে ‘সাপলুডু’ সিনেমায় শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। ‘মালিক’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। সিনেমাটির জন্য মিম দেড় মাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রস্তুতি নিয়েছেন তিনি।



এ প্রসঙ্গে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘আমরা এখনও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। পরিকল্পনা ছিল পুরো কাজ শেষ করে তারপর আনুষ্ঠানিকভাবে সামনে আসার। এখনও আমরা সেই পথেই আছি। শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে এরই মধ্যে সিনেমার কিছু ফুটেজ ও শুটিংয়ের ছবি ফাঁস হয়েছে। সেগুলো দেখেই দর্শকের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে প্রচারণায় নামতে চাই। প্রযোজকেরও একই পরিকল্পনা। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।’

মূলত এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে।

এসএ/এসএন

মন্তব্য করুন