ট্রোলিংয়ের জবাবে আলিয়ার ছয় শব্দেই বাজিমাত
ছবি: সংগৃহীত
০৯:৪৯ এএম | ১৫ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবারও আলোচনার কেন্দ্রে আলিয়া ভাট। লাল গালিচায় তাঁর একের পর এক উপস্থিতি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। তবে ট্রোলের মুখে কীভাবে শান্ত থেকে জবাব দিতে হয়, সেটাই যেন নতুন করে দেখালেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের কাস্টম ক্রিম রঙের রেশমি শাড়ি-গাউনের একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাগ করে নেন আলিয়া ভাট। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। প্রশংসার ভিড়ের মাঝেই এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “কী আফসোস, কেউ তো তোমাকে লক্ষই করল না।” সঙ্গে ছিল হাসির প্রতীকও।

তবে সেই মন্তব্য এড়িয়ে যাননি আলিয়া। বরং মাত্র ছয় শব্দেই দিলেন জবাব। অভিনেত্রী লেখেন, “আফসোস কেন বন্ধু? তুমিই তো লক্ষ করলে।” সঙ্গে যোগ করেন হাসির প্রতীক। আর এতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। অনেকেই বলছেন, রাগ বা পাল্টা আক্রমণ নয়, ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েই ট্রোলের মোকাবিলা করেছেন আলিয়া।
মূলত কানের কয়েকটি দৃশ্যে বিদেশি আলোকচিত্রীদের কেউ কেউ আলিয়াকে চিনতে পারেননি বলে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। সেই ঘটনাকে ঘিরেই ট্রোলের ঝড় ওঠে। তবে পুরো বিষয়টিকে হালকাভাবে নিয়ে নিজের স্বভাবসুলভ হাস্যরসেই পরিস্থিতি সামলে নিলেন অভিনেত্রী।
এসএ/এসএন