ইউটিউবার নিকোডেমের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত
১১:৩৩ এএম | ১৫ মে, ২০২৬
ক্রোয়েশিয়া থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া পোল্যান্ডের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর নিকোডেম সিজেভস্কির মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সম্প্রতি তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ প্রকাশ করেনি।
গত ১১ মে প্রকাশিত মার্কিন ম্যাগাজিন টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, নিকোডেম অনলাইনে ‘লিল নার্সিজ’ নামে পরিচিত। গত এপ্রিলের শুরু থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত ৮ এপ্রিল শেষবারের মতো পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।
পোল্যান্ডের গ্লিভিস পুলিশ জানিয়েছে, ক্রোয়েশিয়ায় তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তাকে খুঁজে পাওয়ার জন্য তদন্ত কর্মকর্তারা সম্ভাব্য সব ধরনের সূত্র ধরে অনুসন্ধান করেছেন।
এ তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নেটিজেনরা প্রিয় তারকার পুরোনো ভিডিওগুলোর কমেন্ট সেকশনে শ্রদ্ধা ও শোকবার্তা জানাচ্ছেন। এ কনটেন্ট ক্রিয়েটর তার বৈচিত্রময় কৌতুক ভিডিও, লাইফস্টাইল কনটেন্ট ও উস্কানিমূলক ‘ডিস ট্র্যাক’র মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার ছিল তার। তবে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও গত কয়েক বছর ধরে কনটেন্ট তৈরি থেকে দূরে ছিলেন। সবশেষ ভিডিওটি আপলোড করেছিলেন ২০২১ সালের নভেম্বরে।
এসএ/এসএন