© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি সাশ্রয়ের আলোচনার মাঝেই নতুন গাড়ি কিনলেন শাহরুখ?

শেয়ার করুন:
জ্বালানি সাশ্রয়ের আলোচনার মাঝেই নতুন গাড়ি কিনলেন শাহরুখ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ পিএম | ১৫ মে, ২০২৬
দেশজুড়ে যখন জ্বালানি সাশ্রয় নিয়ে নানা পদক্ষেপের আলোচনা চলছে, ঠিক সেই সময়ই নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে আলোচনায় উঠে এলেন শাহরুখ খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য ঘিরে বলিউডে জোর গুঞ্জন, অভিনেতার গাড়ির সংগ্রহে নাকি যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি ‘ক্যাডিল্যাক এসক্যালেড’।

নতুন সরকার গঠনের পর থেকেই ভারতে জ্বালানি সংরক্ষণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য সপ্তাহে দুদিন বাড়ি থেকে কাজের নির্দেশ, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা সীমাবদ্ধতা, এমনকি রাজনৈতিক নেতাদের গাড়িবহরও ছোট করার উদ্যোগ দেখা গেছে। এই পরিস্থিতির মাঝেই শাহরুখের নতুন গাড়ির খবর ঘিরে শুরু হয়েছে আলোচনা।

শোনা যাচ্ছে, বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আমদানি করা হয়েছে এই গাড়িটি। কারণ, ‘ক্যাডিল্যাক’ ব্র্যান্ডের গাড়ি ভারতে আনুষ্ঠানিকভাবে বিক্রি হয় না। আমদানি শুল্ক ও কর মিলিয়ে গাড়িটির মূল্য দাঁড়াতে পারে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মধ্যে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শাহরুখ খান।

এই মুহূর্তে নিজের নতুন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। তার মধ্যেই নতুন এই গাড়ি সংগ্রহ করেছেন বলেই মনে করা হচ্ছে। বিলাসবহুল এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক নানা সুবিধা। বিশাল বাঁকানো প্রদর্শনপর্দা, শীতাতপ নিয়ন্ত্রিত ম্যাসাজ আসন, উন্নত শব্দব্যবস্থা থেকে শুরু করে ছোট রেফ্রিজারেটর পর্যন্ত রয়েছে এতে। পাশাপাশি শক্তিশালী ইঞ্জিনও গাড়িটিকে আলাদা মাত্রা দিয়েছে।

বছরের পর বছর ধরেই বিশ্বের নামী সব বিলাসবহুল গাড়ির সংগ্রাহক হিসেবে পরিচিত শাহরুখ খান। তাঁর সংগ্রহে আগেই রয়েছে ‘রোলস রয়েস কুলিনান’, ‘বেন্টলি কন্টিনেন্টাল’, ‘বিএমডব্লিউ’ ও বিশেষ নিরাপত্তাব্যবস্থাযুক্ত ‘মার্সিডিজ বেঞ্জ’-এর মতো দামি গাড়ি। পরিবারের ব্যবহারে রয়েছে ‘রেঞ্জ রোভার’ও। সেই তালিকাতেই এবার যুক্ত হতে পারে ‘ক্যাডিল্যাক এসক্যালেড’।

সামাজিক মাধ্যমে গাড়িটির দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন কৌতূহল। অনেকেই বলছেন, বলিউডের ‘কিং’-এর বিলাসবহুল জীবনযাপনের তালিকায় এটি আরও এক রাজকীয় সংযোজন।


এসএ/এসএন

মন্তব্য করুন