নতুন কোচের নাম ঘোষণা কবে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:১২ পিএম | ১৫ মে, ২০২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের বিষয়টি এখনো অনিশ্চয়তায় ঝুলছে। আজ নাম ঘোষণার কথা থাকলেও সেই প্রতীক্ষা আরও দীর্ঘ হলো।
সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে নিয়ে আগ্রহী হলেও আর্থিক বাধার কারণে এগোতে পারছে না। কোলম্যান ও তার সহকারী কিট সিমন্সের জন্য মাসে প্রায় ৩১ হাজার ডলার এবং কর বাবদ আরও প্রায় ৫ হাজার ডলার খরচ হবে বলে জানা গেছে। এই বিপুল অঙ্ক একা বহন করার সামর্থ্য বাফুফের নেই, তাই সরকারও অর্থায়নে অংশীদার হতে সম্মত হয়েছে। তবুও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
আজ পল্টনে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে দেশের মানুষের যে ক্রেজ ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করা আমাদের কাছে সবচেয়ে জরুরি বিষয়। আমি মনে করি, সেই প্রত্যাশা পূরণের জন্য আমি, আমার সরকার এবং আমাদের ফুটবল ফেডারেশন, সবাই বদ্ধপরিকর। ইন শা আল্লাহ, আগামী দুই-তিন দিনের ভেতরেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

বাফুফে দুই বছরের চুক্তিতে কোচ নিতে চাইছে। তবে এই সময়সীমায় বাংলাদেশের কোনো প্রতিযোগিতামূলক সূচি না থাকাটাও একটি বিবেচ্য বিষয়। প্রতিমন্ত্রী আমিনুল বলেন, যেকোনো কোচকেই কাজ করার পর্যাপ্ত সময় না দিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। বিদ্যমান সীমাবদ্ধতাগুলো মাথায় রেখেই সব পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমি যখন নিজে মাঠে খেলেছি, তখনও আমরা একটি কথা বলতাম, যেকোনো কোচ এলেই তাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া উচিত। সেই সময়টা পাওয়ার পর তবেই তার কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করা যায়। কাজেই আমাদের পরবর্তী যিনি কোচ হবেন, তাকেও আমাদের সেই পর্যাপ্ত সময়টুকু দিতে হবে। সময় না দিলে আমরা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাব না। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেসবের আলোকে আমরা সবকিছু মিলিয়েই আলোচনা করছি।’
এসকে/এসএন