© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

শেয়ার করুন:
কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ১৫ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মূলত রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায়কে ঘিরে একদল মুসল্লির সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

মূলত শুক্রবার (১৫ মে) জুমার নামাজকে কেন্দ্র করে কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তায় নামাজ আদায়কে কেন্দ্র করে স্থানীয় কিছু মুসলিম যুবকের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, মুসল্লিদের একাশ রাস্তার ওপর জুমার নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

যুবকদের দাবি ছিল, তারা রাস্তাতেই নামাজ আদায় করবেন এবং পুলিশের বাধা মানবেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন কিছু নিয়মকানুন সম্পর্কে অনেকে অবগত ছিলেন না। এ কারণে পরিস্থিতির অবনতি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছু যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং রাস্তার ওপরই নামাজ পড়ার কথা জানান। এ ঘটনায় মুসলিম অধ্যুষিত রাজাবাজার এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য পৌঁছে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হন। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল সড়কে এভাবে নামাজ আদায় করলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

অবশ্য বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এমআই/টিকে

মন্তব্য করুন