সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ১৫ মে, ২০২৬
সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ১৩ মে লালমনিরহাটে আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে বাংলাদেশের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরও ঘটেছে।
তিনি লিখেছেন, এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করছি। আমি আগেও এ নিয়ে লিখেছি, বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত, তলব করতাম, সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল।
তিনি আরও লিখেছেন, আমার বক্তব্য একটাই। সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হতে গেলে কাউকে গ্রেপ্তার করা যায়। প্রয়োজনে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে থামানো যায়। কিন্তু আমরা কোনো গ্রেপ্তারের ঘটনা শুনিনা, ফাঁকা গুলির ঘটনা ঘটেনা, এমনকি গুলি লেগে আহত হওয়ার কথাও শুনিনা। শুনি শুধু গুলিতে সরাসরি বাংলাদেশের মানুষের হত্যার ঘটনা। এটা কোনো যুক্তিতেই মেনে নেয়ার মতো না।
পরিশেষে আসিফ নজরুল লিখেছেন, বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।
এমআই/টিকে