মাত্র ১৯ বছর বয়স থেকেই বিয়ে করতে চাইতেন মৌনী রায়!
ছবি: সংগৃহীত
০৭:১৩ পিএম | ১৫ মে, ২০২৬
বিচ্ছেদের খবরে যখন চারদিক সরগরম, তখনই নতুন করে আলোচনায় উঠে এল অভিনেত্রী মৌনী রায়-এর ব্যক্তিগত জীবনের এক পুরনো অধ্যায়। মাত্র ১৯ বছর বয়স থেকেই নাকি বিয়ে নিয়ে গভীরভাবে ভাবতেন তিনি। এমনকি সেই বয়সেই জীবনসঙ্গীর খোঁজ শুরু হয়েছিল তাঁর মনে। সম্প্রতি স্বামী সূরজ নাম্বিয়ার-এর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই পুরনো এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
এক সময়ের সেই সাক্ষাৎকারে মৌনী নিজেই জানিয়েছিলেন, অল্প বয়স থেকেই তিনি বিয়েকে শুধুমাত্র সামাজিক সম্পর্ক হিসেবে দেখতেন না। তাঁর বিশ্বাস ছিল, জীবনের প্রতিটি কঠিন সময়ে একজন নির্ভরযোগ্য মানুষ পাশে থাকলে পথ অনেক সহজ হয়ে যায়। সুখ, দুঃখ, সাফল্য কিংবা ব্যর্থতা সবকিছু ভাগ করে নেওয়ার মতো একজন সঙ্গীই মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারেন বলে মনে করতেন তিনি।

মৌনীর কথায়, একজন ভাল জীবনসঙ্গী মানসিক নিরাপত্তা এনে দেন। জীবনের অনিশ্চয়তার মধ্যে সেই মানুষটিই হয়ে ওঠেন ভরসার জায়গা। আর সেই বিশ্বাস থেকেই কৈশোর পেরোনোর পর থেকেই নিজের জীবনে একজন উপযুক্ত সঙ্গীর উপস্থিতি চেয়েছিলেন অভিনেত্রী।
অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বহুবার শিরোনামে এসেছেন মৌনী। এক সময়ে অভিনেতা মোহিত রায়না এবং পুলকিত সম্রাট-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি।
২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। বাঙালি এবং মালয়ালি— দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল সেই বিয়ে। সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের ছবি নিয়ে সে সময় ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল অনুরাগীদের মধ্যে। তবে চার বছরের মাথায় সেই সম্পর্কেই নেমে এসেছে ভাঙনের সুর।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন দু’জনে। যদিও সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আনেননি মৌনী কিংবা সূরজ কেউই। ব্যক্তিগত বিষয়কে আড়ালেই রাখতে চাইছেন তাঁরা।
এদিকে বিচ্ছেদের খবরে অনুরাগীদের একাংশ যেমন হতাশ, তেমনই আবার অনেকেই ফিরে দেখছেন মৌনীর সেই পুরনো বিশ্বাসকে যেখানে তিনি মনে করতেন, সঠিক মানুষ পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।
পিআর/টিকে