© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানে ফিরেই আলোচনায় ইরানি নির্মাতা আসগর ফরহাদি

শেয়ার করুন:
কানে ফিরেই আলোচনায় ইরানি নির্মাতা আসগর ফরহাদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ১৫ মে, ২০২৬
ফের কান উৎসবে ফিরলেন আলোচিত ইরানি নির্মাতা আসগর ফরহাদি। ফিরেই নিজের নতুন সিনেমা দিয়ে সব আলো যেন নিজের দিকে কেড়ে নিলেন। তিনি উৎসব মাতিয়েছেন নতুন ফরাসি ভাষার সিনেমা ‘প্যারালাল টেলস’ দিয়ে। বৃহস্পতিবার রাতে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর দর্শকের দাঁড়িয়ে অভিবাদন চলেছে টানা সাড়ে পাঁচ মিনিট। সেই মুহূর্তে আবেগাপ্লুত ফরহাদি দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

প্রিমিয়ারে উজ্জ্বল লাল গাউনে হাজির হওয়া এ অভিনেত্রীকে ঘিরেও ছিল ব্যাপক আগ্রহ। অভিবাদনের সময় ফরহাদি তার সহশিল্পী ক্যাথরিন দেনেভ ও ভার্জিনি এফিরাকে জড়িয়ে ধরেন। অন্যদিকে হুপার শান্ত হাসি নিয়ে পুরো সময়টুকু দর্শকদের প্রতিক্রিয়া উপভোগ করেন।

দুই ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে কয়েকজন কৌতূহলী প্রতিবেশীকে ঘিরে, যাদের জীবন একসময় অদ্ভুতভাবে জড়িয়ে যায়। সিনেমায় হুপার অভিনয় করেছেন সিলভি নামের এক লেখকের চরিত্রে, যিনি নিজের নতুন উপন্যাসের অনুপ্রেরণা খুঁজতে রাস্তার ওপারের প্রতিবেশীদের ওপর নজর রাখেন।

পরে তিনি নিজের দৈনন্দিন কাজে সহায়তার জন্য তরুণ আদামকে নিয়োগ দেন। কিন্তু ধীরে ধীরে সেই তরুণ তার ব্যক্তিগত জীবন ও লেখালেখির জগৎ দুই-ই ওলটপালট করে দেয়। একসময় সিলভির কল্পনার গল্প বাস্তবতাকেও ছাড়িয়ে যেতে শুরু করে।



কানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম দ’রের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। এর আগেও ফরহাদি একাধিকবার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৩ সালে তার প্রথম ফরাসি ভাষার সিনেমা ‘দ্য পাস্ট’ পাম দ’রের দৌড়ে ছিল। এরপর ‘দ্য সেলসম্যান’ জিতেছিল সেরা চিত্রনাট্যের পুরস্কার। এ ছাড়া ‘এভরিবডি নোজ’ ও ‘আ হিরো’ ও কানে আলোচিত হয়েছিল।

বিশেষ করে ‘আ হিরো’ ২০২১ সালে গ্রাঁ প্রি পুরস্কার জেতে। দুবারের অস্কারজয়ী ফরহাদি ২০২৩ সাল থেকে ইরানের বাইরে বসবাস করছেন। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, ইরানে চলচ্চিত্র ও টেলিভিশনে বাধ্যতামূলক হিজাব নীতির পরিবর্তন না আসা পর্যন্ত তিনি নিজ দেশে আর সিনেমা নির্মাণ করবেন না।

পিআর/টিকে

মন্তব্য করুন