© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে কারিনা, শোবিজ অঙ্গনে শোকের ছায়া

শেয়ার করুন:
না ফেরার দেশে কারিনা, শোবিজ অঙ্গনে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ এএম | ১৬ মে, ২০২৬
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিচ্ছেন তার সহকর্মী ও বিনোদন জগতের তারকারা।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার মাঝে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত। শান্তিতে ঘুমাও কারিনা। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না।’



চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’



অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।’



উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কারিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘দেখা হবে অন্য ভুবনে যেখানে মানুষ কারো মরণব্যাধি নিয়ে উল্লাস করে না। রেস্ট ইন পিস কারিনা আপু।’ এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী লিখেছেন, ‘আমি খবরটা পেয়ে পাগলের মতো কান্না করছি। কারিনাকে আর দেখব না।’



এর আগে দুপুরে কারিনার বাবা কায়সার হামিদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।’ অকালে এই প্রতিভাবান তারকার বিদায়ে শোকাচ্ছন্ন পুরো বিনোদন অঙ্গন।

আইকে/টিএ

মন্তব্য করুন