‘গোলমাল ৫’-এ অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক অক্ষয়ের?
ছবি: সংগৃহীত
০৯:১৩ এএম | ১৬ মে, ২০২৬
রোহিত শেট্টির ‘গোলমাল’ মানেই হইচই, হাসি আর তারকাদের জমজমাট উপস্থিতি। সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবিকে ঘিরে এবার উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। কারণ এই ছবিতেই প্রথমবার দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে। তবে অক্ষয়ের এন্ট্রির থেকেও এখন বেশি চর্চায় তাঁর পারিশ্রমিক।
শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’-এ মাত্র ১৮ থেকে ২২ দিনের শুটিংয়ের জন্য প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা নিচ্ছেন অক্ষয় কুমার। আর এই অঙ্কই এখন চমকে দিয়েছে বলিউড মহলকে। কারণ ছবির প্রধান মুখ অজয় দেবগনের অগ্রিম পারিশ্রমিকের থেকেও নাকি বেশি এই অঙ্ক।
ছবির ঘনিষ্ঠ সূত্রের দাবি, এর পেছনে রয়েছে বিশেষ ব্যবসায়িক সমীকরণ। অজয় দেবগন এই ছবিতে শুধু অভিনেতা নন, সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন। ফলে তিনি সরাসরি মোটা অঙ্কের পারিশ্রমিক না নিয়ে ছবির লাভের অংশীদার হয়েছেন। অর্থাৎ সিনেমা মুক্তির পর বক্স অফিসের আয় থেকেই বড় অংশ পাওয়ার কথা তাঁর। সেই কারণেই অক্ষয়ের অগ্রিম পারিশ্রমিক আপাতদৃষ্টিতে বেশি মনে হচ্ছে।
চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে ‘গোলমাল ৫’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন পরিচালক রোহিত শেট্টি। তখন থেকেই অক্ষয় কুমারের উপস্থিতি নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। পরে জানা যায়, ছবিতে তাঁকে রাখা হয়েছে বিশেষ চমক হিসেবে। সম্প্রতি সেট থেকে প্রকাশ্যে আসা এক ঝলকে অক্ষয়ের সম্পূর্ণ টাক লুক দেখে আরও কৌতূহলী হয়ে পড়েছেন দর্শকরা।

অন্যদিকে উটিতে শুরু হয়ে গিয়েছে ছবির নতুন শিডিউলের শুটিং। অজয় দেবগন নিজেই সামাজিক মাধ্যমে সেই খবর জানিয়েছেন। সঙ্গে ভাগ করে নিয়েছেন আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শরমন জোশি, শ্রেয়াস তলপাড়ে এবং কুণাল খেমুকে নিয়ে মজার এক ভিডিও।
এরই মাঝে পুরনো স্মৃতিও উসকে দিয়েছেন রোহিত শেট্টি। ২০০৬ সালের প্রথম ‘গোলমাল: ফান আনলিমিটেড’ ছবির জনপ্রিয় রেসিং কার দৃশ্যটি নতুন করে তৈরি করে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। পুরনো এবং বর্তমান সময়ের দৃশ্য একসঙ্গে দেখিয়ে দর্শকদের নস্টালজিয়ায় ভাসিয়েছেন পরিচালক। তাঁর কথায়, খুব শীঘ্রই সেই আনন্দের দিনগুলো আবার ফিরিয়ে আনবেন তাঁরা।
শুধু ‘গোলমাল ৫’ নয়, এই মুহূর্তে নিজের আরেক জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কাজ নিয়েও ব্যস্ত অক্ষয় কুমার। সম্প্রতি জঙ্গলের সেট থেকে নিজের একটি ছবি পোস্ট করে নতুন সিনেমার আভাসও দিয়েছেন তিনি।
২০০৬ সালে শুরু হওয়া ‘গোলমাল’-এর সফর একের পর এক সফল ছবি উপহার দিয়েছে দর্শকদের। ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’ এবং ‘গোলমাল এগেইন’-এর পর এবার পঞ্চম ছবিতে অক্ষয় কুমারের সংযোজন যে নতুন মাত্রা যোগ করতে চলেছে, তা বলাই যায়।
এসএ/এসএন