© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টালিউডে পালাবদল নিয়ে মুখ খুললেন পায়েল

শেয়ার করুন:
টালিউডে পালাবদল নিয়ে মুখ খুললেন পায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ এএম | ১৬ মে, ২০২৬
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডে প্রভাব, সুযোগ পাওয়া না পাওয়া এবং শিল্পীদের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে টলিপাড়ার ভিতরে কাজের সুযোগ বণ্টন নিয়েও বহুদিন ধরেই ক্ষোভের সুর শোনা যাচ্ছে। এই আবহেই এবার মুখ খুললেন অভিনেত্রী পায়েল সরকার।

সম্প্রতি তাঁকে দেখা যায় ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে তাঁকে খুব একটা দেখা যায় না। সেই উপস্থিতিই নতুন করে প্রশ্ন তোলে, রাজনৈতিক পরিবর্তনের পর কি টলিউডে তাঁর অবস্থানেও কোনও পরিবর্তন আসছে?

এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে কিছু আচরণগত পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁকে সব অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয় না, আবার অনেক জায়গায় ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হয় না। পাশাপাশি এমন ঘটনাও ঘটেছে যেখানে শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়েছে, পরে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।



পায়েলের মতে, শিল্প এবং রাজনীতির মধ্যে সরাসরি যোগ থাকা উচিত নয়। তিনি জানান, ব্যক্তিগত অভিজ্ঞতাতেও তিনি বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে শুটিং বা আলোচনার প্রাথমিক পর্যায় পর্যন্ত গিয়েও পরে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

অভিনেত্রীর বিরুদ্ধে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা নিয়েও স্পষ্ট মন্তব্য করেন তিনি। পায়েল জানান, অনেক ক্ষেত্রেই পারিশ্রমিক নিয়ে আলোচনার আগেই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, বহু বছর আগের পারিশ্রমিক এখনকার সময়ে প্রযোজ্য নয়।

রাজনৈতিক পরিবর্তনের প্রভাব নিয়ে পায়েল মনে করেন, যে সরকারই থাকুক না কেন, তার সরাসরি প্রভাব শিল্পজগতে না পড়াই ভালো। তাঁর মতে, শিল্পকে রাজনীতির বাইরে রাখাই উচিত, যাতে কাজের পরিবেশ স্বাভাবিক থাকে।

ভবিষ্যতে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করছে এবং এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চান না।

এসএ/টিএ

মন্তব্য করুন