তাড়াহুড়ার ভেতরেও আপস করতে চান না মাহি!
ছবি: সংগৃহীত
অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। আসছে ঈদেও এক ডজনের বেশি নাটকে দেখা যাবে তাকে।
নাটকগুলোতে নিলয় আলমগীর, মুশফিক আর ফারহানসহ একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে ঈদের ৩টি নাটকের শুটিং শেষ করেছেন, শিডিউল দিয়েছেন আরও ৮টি নাটকের। এছাড়া আরও কয়েকটি নাটকে অভিনয়ের কথা চলছে বলে জানান এ অভিনেত্রী।

ঈদের ব্যস্ততা প্রসঙ্গে মাহি বলেন, ‘দুই মাস দেশের বাইরে থাকার কারণে ঈদের কাজ শুরু করতে একটু দেরি হয়েছে। হাতে থাকা কাজগুলো শেষ করতে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত দম ফেলার সুযোগ পাব বলে মনে হচ্ছে না।’ প্রতি ঈদেই মানহীন নাটকের আধিপত্যের কারণ হিসাবে অনেকেই তাড়াহুড়া নির্মাণ এবং কাজ না জানাকে দায়ী করেন। মাহি এ প্রসঙ্গে বলেন, ‘আমি তাড়াহুড়ার ভেতরেও মান নিয়ে আপস করছি না। কাজ বেশি হলে মানহীন কিছু থাকবেই। তবে এখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালোর পথেই হাঁটছে। প্রতিনিয়ত আলাদা আলাদা গল্প ও নির্মাণ দেখতে পাচ্ছি আমরা।’
নিজের অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন শিল্পী হিসাবে আমারও বিভিন্ন চরিত্রে অভিনয়ের ক্ষুধা আছে। বরাবরের মতো এ ঈদের নাটকগুলোতেও ভিন্ন ভিন্ন রূপে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি।’