© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘যখনই রক্তিম চাঁদ উঠবে, আমরা আবার দেখা করব’

শেয়ার করুন:
‘যখনই রক্তিম চাঁদ উঠবে, আমরা আবার দেখা করব’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ১৬ মে, ২০২৬
সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোস’ নামেই বেশি পরিচিত।

বন্ধুর মৃত্যুতে শোকাহত ডানার সেই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্ত-অনুরাগীদের মনও ছুঁয়ে গেছে তার আবেগভরা কথাগুলো।

পোস্টে ডানা লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর। তিনি সবসময় বন্ধুদের পাশে থাকতেন। তার কথায়, ‘কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।

বন্ধুত্বের নানা স্মৃতির কথা তুলে ধরে ডানা জানান, এমন একটি দিনও তার মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন কীভাবে জীবনকে ভালোবাসতে হয়। কাছের মানুষ হোক কিংবা দূরের— সবাইকে সমানভাবে আগলে রাখতেন তিনি।

ডানা আরো লেখেন, শেষ জন্মদিনে মজা করে তিনি কারিনাকে বলেছিলেন, ‘কারিনা আছে, তাই আর জন্মদিনের পরিকল্পনা করতে হয় না।



জবাবে কারিনা বলেছিলেন, ‘আমি যতদিন বেঁচে আছি, সারাজীবনই করব।’

তাদের দু’জনের আরেকটি কথার কথাও স্মরণ করেন তিনি। ডানার ভাষায়, ‘যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আবার দেখা করব।’

আবেগঘন পোস্টে তিনি আরো বলেন, ‘তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, হয়তো আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু।আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন। তুমি যেমন আমাদের জীবনের রোদেলা আলো ছিলে, তেমনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও হয়ে থাকবে।’

প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অভিনয়জগতের অনেকেই সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন