শেহনাজ গিলকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ১৬ মে, ২০২৬
সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর বহুবারই প্রেম আর বিয়ে থেকে নিজেকে দূরে রাখার কথা বলেছিলেন শেহনাজ গিল। ‘বিগ বস’-এর ঘর থেকে শুরু হওয়া সেই সম্পর্ক যেন অভিনেত্রীর জীবনে গভীর ছাপ ফেলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি বদলে যাচ্ছে সেই অধ্যায়? অন্তত বলিপাড়ার অন্দরে এখন তেমনই জল্পনা তুঙ্গে।
গত কয়েক সপ্তাহ ধরেই শেহনাজ গিলকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আর সেই জল্পনার কেন্দ্রে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার দেবদত্ত পড়িক্কল। মাঠে উপস্থিত থেকে দলের খেলা দেখা, গ্যালারিতে বসে উচ্ছ্বাস প্রকাশ, আবার কখনও আরসিবির জার্সি পরে ছবি পোস্ট সব মিলিয়েই অনুরাগীদের একাংশের দাবি, শুধুই দলের প্রতি সমর্থন নয়, এর নেপথ্যে রয়েছে বিশেষ কারও জন্য আলাদা টান।

সম্প্রতি একটি আইপিএল ম্যাচে গ্যালারিতে দেখা যায় শেহনাজকে। ম্যাচ চলাকালীন তাঁর উচ্ছ্বাস এবং হাসিমুখ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপর থেকেই জল্পনা আরও জোরালো হয়। অনেকেই মনে করছেন, দেবদত্ত পড়িক্কলকে উৎসাহ দিতেই বারবার মাঠে হাজির হচ্ছেন অভিনেত্রী।
এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে শেহনাজের একটি সামাজিক মাধ্যম পোস্ট। আরসিবির জার্সি পরে ছবি দিয়ে তিনি লেখেন, “মন পড়ে আছে আরসিবিতে।” এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় জোর চর্চা। কেউ কেউ দাবি করছেন, শেহনাজের এই বিশেষ সমর্থনের নেপথ্যে রয়েছেন দেবদত্তই।
ক্রিকেটমহলেও এখন দেবদত্ত পাড়িক্কল পরিচিত নাম। চলতি আসরে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। একাধিক অর্ধশতরান, ঝোড়ো ব্যাটিং এবং আক্রমণাত্মক মানসিকতায় ইতিমধ্যেই তরুণ তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার। ফলে শেহনাজের সঙ্গে তাঁর নাম জড়ানো নিয়ে কৌতূহলও বাড়ছে দ্রুত।
তবে এখনও পর্যন্ত সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি শেহনাজ বা দেবদত্ত কেউই। যদিও অনুরাগীদের একাংশ ইতিমধ্যেই তাঁদের নতুন জুটি হিসেবে কল্পনা করতে শুরু করেছেন। কেউ কেউ আবার বিরাট কোহলি-আনুশকা শর্মা কিংবা কেএল রাহুল-আথিয়া শেঠির সঙ্গে তুলনাও টানছেন।
অন্যদিকে শেহনাজের দীর্ঘদিনের অনুরাগীদের অনেকেই এই জল্পনায় বিরক্ত। তাঁদের বক্তব্য, কোনও অভিনেত্রী কোনও দলের সমর্থক হলেই তাঁর সঙ্গে ক্রিকেটারের প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় না। কারও মতে, এসব নিছকই সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত আলোচনা।
আসলে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর শেহনাজের জীবনযাত্রার পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন তাঁর অনুরাগীরা। প্রাণবন্ত সেই মেয়েটি যেন আচমকাই অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছিলেন। একাধিক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে হারানোর যন্ত্রণা নিয়েও কথা বলেছেন তিনি। এমনকি বিয়ে নিয়ে নিজের দ্বিধার কথাও প্রকাশ করেছিলেন।
তাই এবার নতুন প্রেমের গুঞ্জন ঘিরে কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই আবেগও জড়িয়েছে বহু অনুরাগীর মনে। সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ? নাকি সবটাই কেবল সামাজিক মাধ্যমের কল্পনা? উত্তর এখনও অধরা। তবে এই মুহূর্তে বলিপাড়া থেকে ক্রিকেটমহল সব জায়গাতেই শেহনাজ ও দেবদত্তকে ঘিরে চর্চা তুঙ্গে।
পিআর/টিকে