কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে কী জানালেন কায়সার হামিদ?
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ১৬ মে, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের মতো তাকে দেখার অপেক্ষা করছে সবাই।
মরদেহ দেশে আনার বিষয়ে কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। রোববার (১৭ মে) সব প্রক্রিয়া শেষে দেশে আনা হবে।

কায়সার হামিদ বলেন, ‘প্রিজার্ভ–সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শেষে আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব নয়, তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আসবে ওরা।’
চিকিৎসার জন্য কারিনার সঙ্গে ভারতে যান মা লোপা কায়সার, দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। তার বাবা কায়সার হামিদ দেশে আছেন।
উল্লেখ্য, লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর গতকাল শুক্রবার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬ ’।
পিআর/টিকে