সাব্বির-মোসাদ্দেকের ফিফটিতে জিতে ৩য় অবস্থানে আবাহনী
ছবি: সংগৃহীত
০৬:৪০ পিএম | ১৬ মে, ২০২৬
ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দ ফিরে পেতে শুরু করেছে আবাহনী। প্রথম দুই ম্যাচ হারের পর টানা ৩ ম্যাচে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের দল।
শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান করে বসুন্ধরা স্ট্রাইকার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন আমিনুল ইসলাম বিপ্লব। জবাব দিতে নেমে মোসাদ্দেক ও সাব্বির রহমানের ফিফটিতে জয় তুলে নেয় আবাহনী।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে আবাহনী। ৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুইয়ে আছে যথাক্রমে মোহামেডান এবং প্রাইম ব্যাংক।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বসুন্ধরা। দলটির দুই ওপেনার সাইফ হাসান এবং ইমরানুজ্জামান দুই অঙ্ক ছুঁতে পারেননি। দুই অভিজ্ঞ ব্যাটার ফজলে মাহমুদ ও অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। পঞ্চম উইকেটে ১৩৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন আমিনুল ইসলাম বিপ্লব ও নাহিদুল ইসলাম। নাহিদুল করেন ৯৫ বলে ৬৩ রান। দারুণ খেলতে থাকা বিপ্লব থামেন ৯ চার ও ১ ছক্কায় ১১৭ বলে ৮১ রান করে।

বিপ্লব-নাহিদুলের জুটি ভাঙার পর শেষদিকে তেমন রান তুলতে পারেনি বসুন্ধরা। শেষ ১০ ওভারে কেবল ৪৯ রান করে দলটি। তাতে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৯ রানে থামে বসুন্ধরা স্ট্রাইকার্স। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রোহান উদ্দৌলা বর্ষণ। দুটি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক এবং খালেদ আহমেদ।
জবাব দিতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। পঞ্চম উইকেটে হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও জাকের আলী। জাকের করেন ৬২ বলে ৪৩ রান। ৫৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৭ রান করেন সৈকত।
দলের জয় থেকে ৬১ রান দূরে থাকতে অধিনায়ক ফিরলেও কোনো বিপদ আসতে দেননি সাব্বির। উইকেটে এসেই ঝড় তোলেন তিনি। মাহফুজুর রহমান রাব্বিকে সাথে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৪ বলে ৫০ রান করেন সাব্বির। রাব্বি অপরাজিত ছিলেন ২৭ বলে ২২ রান করে।
এসকে/টিকে