অনির্বাণকে নিয়ে দেবের সাহসী পদক্ষেপ
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ১৬ মে, ২০২৬
টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও তথাকথিত ‘ব্যান কালচার’-এর নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন টলিউড সুপারস্টার দেব। সব ধরনের বাধা ও অসহযোগিতাকে উপেক্ষা করে তিনি নিজের নতুন বিগ বাজেট সিনেমা ‘দেশু-৭’-এর শুটিং শুরু করেছেন।
আর এই সিনেমার মাধ্যমেই বড় চমক হিসেবে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিজের সহঅভিনেতা হিসেবে নিয়ে আসছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্বাণের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দেব লিখেছেন, ‘শুটিং মোড অন।’ দেবের এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। কারণ, ইন্ডাস্ট্রির নানা জটিলতায় যখন অনির্বাণকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে আলোচনা ছিল, তখন তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্তে অনেকেই দেবের সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।
জানা যায়, এর আগে অনির্বাণ অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমাটি দেখার পর থেকেই তাকে নিজের পরবর্তী প্রজেক্টে নেওয়ার পরিকল্পনা করেন দেব। যদিও টলিউডের একটি শক্তিশালী মহল এই জুটিকে একসঙ্গে দেখতে অনীহা প্রকাশ করেছিল বলে ইন্ডাস্ট্রির ভেতরে আলোচনা রয়েছে। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন দেব। ফলে প্রিয় অভিনেতাকে বড় পর্দায় আবার দেখার সম্ভাবনায় ভক্তদের আগ্রহও বেড়েছে।
এদিকে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলার বিনোদন অঙ্গনেও। বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বাস্তবতায় টলিউডে বিভিন্ন অবস্থান ও নেতৃত্বের পরিবর্তনের কথাও আলোচনায় রয়েছে। এই প্রেক্ষাপটে দেবের নিজস্ব প্রযোজনায় নতুন সিনেমার কাজ শুরু করাকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
এর আগে টলিউডে ‘ব্যান কালচার’ বন্ধের দাবিতে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জানান দেব।

বিষয়টি নিয়ে টলিউডে তুমুল আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা ও বিচার নিয়ে নানা প্রশ্ন উঠলে দেবের এই অবস্থান আরও আলোচনায় আসে। যদিও প্রকাশ্যে এমন চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রসেনজিৎ।
তবে বিতর্ক যাই থাকুক না কেন, দেব এখন তার নতুন সিনেমার কাজেই মনোযোগী। আর অনির্বাণকে নিয়ে তার এই সিদ্ধান্ত টলিউডে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
পিআর/টিকে