© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শার্লক হোমস’ খ্যাত ডেভিড বার্ক আর নেই

শেয়ার করুন:
‘শার্লক হোমস’ খ্যাত ডেভিড বার্ক আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ১৬ মে, ২০২৬
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি। 

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক অভিনয়ের প্রশিক্ষণ নেন লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে।

পরে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে ‘কিং লিয়ার’ নাটকে অভিনয় করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন অভিনেতা ইয়ান হলম।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘মিডসোমার মার্ডার্স’-এও কাজ করেছেন। এ ছাড়া ‘রেইলি, এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’সহ একাধিক প্রযোজনায় দেখা গেছে তাকে।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় সিজনে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা যায়, শুটিংয়ের কারণে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। স্ত্রী ও সন্তানের থেকে দূরে থেকে কাজ করতে গিয়ে নিজেকে অপরাধী মনে হতো তার। এ কারণেই তিনি দ্বিতীয় সিজনে আর অভিনয় করেননি।



বাবার পথ অনুসরণ করে অভিনয়ে এসেছেন তার ছেলে টম বার্কও। তিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি তিনি অভিনেতা স্টিভ কুগানের সঙ্গে নতুন একটি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন।

ডেভিড বার্ক মৃত্যুকালে স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন