বিশ্বকাপ ২০২৬কোন দল কোথায় গড়ছে বেস ক্যাম্প?
ছবি: সংগৃহীত
০৮:৩৫ পিএম | ১৬ মে, ২০২৬
বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ১১ জুন, মেক্সিকোতে, উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এরইমধ্যে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করার পাশাপাশি বেছে নিয়েছে টুর্নামেন্টের বেস ক্যাম্প যেখানে দলগুলো অনুশীলন, বিশ্রাম ও ম্যাচের প্রস্তুতি নেবে।
শনিবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউটে ওঠা দলগুলো চাইলে একই জায়গায় থাকতে পারে অথবা নতুন শহরে স্থানান্তর হতে পারে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'বেস ক্যাম্প' হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিকে। দলটি অনুশীলন করবে স্পোর্টিং কেসি পারফরম্যান্স সেন্টারে। এই ট্রেনিং কমপ্লেক্সে রয়েছে পাঁচটি আধুনিক ফুটবল মাঠ, পারফরম্যান্স ল্যাব ও উন্নত প্রশিক্ষণ সুবিধা।
কাতার বিশ্বকাপের মতো এখানেও খেলোয়াড়দের জন্য বিশেষ সুবিধা রাখা হবে। এছাড়াও তারা বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে ঐতিহ্যবাহী হোটেল স্যাভয়কে।
এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে নিউইয়র্ক সিটিকে। যদিও তারা অনুশীলন করবে নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে যা এমএলএস ক্লাব নিউইয়র্ক রেড বুলসের ব্যবহৃত অত্যাধুনিক কেন্দ্র হিসেবে বেশ পরিচিত।
ইংল্যান্ড তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে। হ্যারি কেইনের দল বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে দ্য ইন অ্যাট মেডোব্রুকে এবং তারা অনুশীলন করবে কানসাস সিটির সোয়ুপ সকার সেন্টারে।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে ম্যাসাচুসেটসের ওয়ালথামকে। দলটি অনুশীলন করবে বেন্টলি বিশ্ববিদ্যালয়ে।
বেন্টলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস চালু থাকলেও ফরাসি দলের নিরাপত্তায় নেওয়া হবে অতিরিক্ত ব্যবস্থা। এছাড়া ফ্রান্স তাদের বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে বোস্টনের ফোর সিজনস হোটেলকে।
তবে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে নর্থ ক্যারোলাইনার উইনস্টন-সালেম শহরকে। তাদের অনুশীলন কেন্দ্র ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ডব্লিউ. ডেনি স্প্রি সকার স্টেডিয়ামকে। এছাড়া তারা বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে বিলাসবহুল দ্য গ্রেলিন এস্টেটকে যা নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত।
সিআর৭-এর পর্তুগাল বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টিকে। তাদের অনুশীলন কেন্দ্র গার্ডেন নর্থ কাউন্টি ডিস্ট্রিক্টস পার্ক যেখানে রয়েছে ১০টি ফুটবল মাঠ। এর আগে, এই ভেন্যুতে ক্লাব বিশ্বকাপের সময় অনুশীলন করেছিল রিয়াল মাদ্রিদ।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দল স্পেন অবস্থান নেবে টেনেসির চ্যাটানুগা শহরে। দলটির অনুশীলন কেন্দ্র ঐতিহ্যবাহী বেইলোর স্কুল। খেলোয়াড়দের গোপনীয়তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তৈরি করা হচ্ছে ১০ ফুট উঁচু ব্ল্যাকআউট বেড়া।
উরুগুয়ে বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে মেক্সিকোর সমুদ্রতীরবর্তী প্লেয়া দেল কারমেন শহরকে। দলটি অনুশীলন করবে মায়াকোবা ট্রেনিং সেন্টারে এবং তারা বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে ফেয়ারমন্ট মায়াকোবা হোটেলকে।
২০২২ বিশ্বকাপের অন্যতম সফল দল ক্রোয়েশিয়া এবার বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াকে। দলটির অনুশীলন কেন্দ্র এপিস্কোপাল হাই স্কুল স্পোর্টস কমপ্লেক্স এবং তারা বিশ্রামাগার হিসেবে বেছে নিয়েছে হোটেল একেএ আলেকজান্দ্রিয়াকে।
আরআই/টিকে