© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্ত হত্যা ও মুসলিম নিপীড়নে ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ

শেয়ার করুন:
সীমান্ত হত্যা ও মুসলিম নিপীড়নে ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ১৬ মে, ২০২৬
সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যা এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১৬ মে) রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে সংগঠনের মুবাল্লিগ প্রত্যাশী জনশক্তিদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী তারবিয়াতের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

তিনি বলেন, ভারতের সীমান্ত আগ্রাসনের শিকার হয়ে বিএসএফ কর্তৃক লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

নেতারা অভিযোগ করেন, সীমান্তে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রমাণ করে ভারত সরকার ও বিএসএফ প্রতিবেশীসুলভ সম্পর্কের ন্যূনতম নীতিকেও উপেক্ষা করছে। এ ঘটনায় সরকারের দুর্বল ও নিষ্ক্রিয় অবস্থানে জনগণ হতাশ বলেও মন্তব্য করেন তারা। জনগণের জীবন, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। তারা আরও বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, মসজিদ ও মাদ্রাসায় হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। সংখ্যালঘু মুসলিমদের ওপর পরিকল্পিত হামলা ও সাম্প্রদায়িক সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।।

বক্তারা অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটসহ সীমান্ত হত্যার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব, আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানান।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন– সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।


ইউটি/টিএ



মন্তব্য করুন