‘বাবা আজ সেঞ্চুরি করবে’, মেয়ের চাওয়া সত্যি করে সেঞ্চুরি উৎসর্গ লিটনের
ছবি: সংগৃহীত
০৫:৫০ এএম | ১৭ মে, ২০২৬
সংখ্যার খেরোখাতায় আর যাই হোক, সব ইনিংসের মাহাত্ম্য মাপা যায় না। সিলেট টেস্টে লিটন দাসের ১২৬ রানের ইনিংসটি তেমনই এক উদাহরণ। চাপের মুখে বুক চিতিয়ে লড়ে দলকে টেনে তোলার অসামান্য বীরত্বে যে ধ্রুপদী প্রদর্শনী লিটন দেখিয়েছেন, তা এককথায় অনন্য অসাধারণ।
লিটনের ইনিংসের মাহাত্ম্য শুধু ২২ গজের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি, তা মিলেমিশে একাকার হয়েছে এক বাবার গভীর আবেগে। ম্যাচ শেষে হেলমেটের লাল-সবুজ পতাকায় ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে, ক্যারিয়ারের অন্যতম সেরা এই শতকটি লিটন উৎসর্গ করেছেন তাঁর ছোট্ট রাজকন্যা আনায়রাকে।
লিটন-সঞ্চিতা দম্পতির একমাত্র সন্তান আনায়রা দাস। পূজার সময় মাকে সেই ছোট্ট আনায়রা জিজ্ঞেস করেছিল, প্রার্থনায় কী চাইব? মা বলেছিলেন, বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো। এরপর থেকে আনায়রার প্রার্থনা জুড়ে একটাই চাওয়া- বাবার সেঞ্চুরি। আর তাই, টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি লিটন দাস উৎসর্গ করেছেন তাঁর প্রিয় কন্যাকেই। সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে এক আবেগঘন ফেসবুক বার্তায় ক্যারিয়ারের এই বিশেষ শতকটি মেয়ে আনায়রাকে উৎসর্গ করার ঘোষণা দেন এই উইকেটকিপার ব্যাটার।
সামাজিক মাধ্যমে লিটন লেখেন, ‘শতকটি উৎসর্গ করলাম আমার রাজকন্যা আনায়রা দাসকে।’ এরপর তিনি যোগ করেন,
‘একবার এক পূজার আনুষ্ঠানিকতার সময় ও ওর মাকে জিজ্ঞেস করেছিল, ঈশ্বরের কাছে কী প্রার্থনা করা উচিত। আমার স্ত্রী তখন ওকে বলেছিল, “তোমার বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো।” সেই থেকে ও ভগবানের কাছে শুধু আমার সেঞ্চুরির জন্যই প্রার্থনা করে আসছে।’
সিলেট টেস্টে প্রথম দিনে টসে হেরে ব্যাটিং নামা বাংলাদেশ ১১০ রানে পাঁচ উইকেট হারিয়ে যখন খেই হারাতে থাকে, তখনই ব্যাট চওড়া হয়ে যায় লিটনের। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে অসাধারণ প্রতিরোধ গড়েন ডানহাতি এই ব্যাটার। তুলে নেন লাল বলের ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
২২ গজের এই মহাকাব্যিক লড়াইয়ের আগে ঘরে যে এমন এক মিষ্টি রূপকথা অপেক্ষা করছিল, তা হয়তো অনেকেরই জানা ছিল না। লিটনের সেই বিশেষ সেঞ্চুরির পেছনে লুকিয়ে ছিল তাঁর ছোট্ট মেয়ের এক অটল ও সরল বিশ্বাস। ম্যাচের আগের মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি তুলে ধরেন তাঁর স্ত্রী ও মেয়ের সেই মধুর কথোপকথন,
‘আজ ম্যাচের আগেও ওর মা ওকে জিজ্ঞেস করেছিল, 'বাবা আজ কী করবে?' একটুও না ভেবে ও সঙ্গে সঙ্গে উত্তর দেয়—'সেঞ্চুরি।' এমনকি ও আজ টিভিতে ম্যাচটি দেখেছে এবং হেলমেটে থাকা বাংলাদেশের পতাকায় আমার চুমু খাওয়ার দৃশ্যটি ও ভীষণ পছন্দ করেছে ।’
মেয়ের সেই সরল চাওয়া আর অটল বিশ্বাসের মর্যাদা দিতে পেরে একজন বাবা হিসেবে লিটনের বুকটা আজ যেন গর্বে ভরে উঠেছে। আগামী দিনেও ‘রাজকন্যার’ জন্য ব্যাটের এই ধার বজায় রাখার এক মধুর প্রতিশ্রুতি দিয়ে লিটন লিখেছেন,
‘আমার ছোট্ট রাজকন্যা, এই সেঞ্চুরিটি শুধু তোমারই জন্য। আশা করি, আগামীবছরগুলোতে তোমাকে এমন আরও অনেকসেঞ্চুরি উপহার দিতে পারব।’
এবি/টিএ