© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার আলিয়াকে নিয়ে বির্তকে মুখ খুললেন সোনু সুদ

শেয়ার করুন:
এবার আলিয়াকে নিয়ে বির্তকে মুখ খুললেন সোনু সুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ এএম | ১৭ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটকে ঘিরে এবারও উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও তৈরি হলো। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে ভারতীয় তারকাদের উপস্থিতি যেমন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রোলিং। সেই তালিকায় এবার নাম উঠেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।

এক প্রসাধনী সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবারের কান চলচ্চিত্র উৎসবে হাজির হন আলিয়া ভাট। রেড কার্পেটে তাঁর একাধিক লুক ও পোশাককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও কটাক্ষ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি নিয়েও কিছু ব্যবহারকারী নেতিবাচক প্রতিক্রিয়া জানান, যা দ্রুতই বিতর্কে রূপ নেয়।



এই পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও তিনি তাঁর বার্তায় স্পষ্টভাবে ট্রোলিং সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেন। তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা প্রতিটি শিল্পীর জন্য এটি গর্বের বিষয় হওয়া উচিত। তাঁর মতে, সাফল্য শুধুমাত্র ক্যামেরা বা শিরোনামের ওপর নির্ভর করে না, বরং নিজের পরিশ্রম ও অর্জনের মধ্য দিয়েই তা প্রতিষ্ঠিত হয়।

সোনু সুদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ট্রোলিংয়ের প্রবণতা বাড়ছে, তখন সমালোচনার বদলে উৎসাহ দেওয়ার মানসিকতা তৈরি করা জরুরি। তাঁর ভাষায়, যারা নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকেন, তারা অন্যের অগ্রযাত্রা থামানোর সময় পান না। তিনি আরও জানান, প্রতিটি মানুষকে তার ভেতরের আলোয় এগিয়ে যেতে দেওয়া উচিত।



অভিনেতার এই মন্তব্য প্রকাশের পর তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু ব্যবহারকারী তাঁর বক্তব্যের প্রশংসা করেন এবং বলেন, শিল্পীদের পোশাক বা উপস্থিতি নিয়ে মতভেদ থাকতে পারে, তবে তা যেন কখনোই ব্যক্তিগত আক্রমণ বা অপমানের পর্যায়ে না যায়।

এদিকে কান চলচ্চিত্র উৎসব ঘিরে আলিয়ার উপস্থিতি ও লুক নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি সোনু সুদের এই অবস্থান নতুন করে ট্রোলিং সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিনোদন মহলে।

পিআর/টিকে

মন্তব্য করুন