খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?
ছবি: সংগৃহীত
০৯:০২ এএম | ১৭ মে, ২০২৬
অভিনয়জগতের তারকাদের জীবনযাত্রা মানেই কঠোর নিয়ম মেনে চলা। কখনও চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো, কখনও আবার কমিয়ে ফেলা সবটাই তাঁদের পেশার অংশ। তবে এই ব্যস্ততার মাঝেও নিজের খাবারের অভ্যাসে একটুও বদল আনেননি অভিনেত্রী শোলাঙ্কি রায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দৈনন্দিন জীবন ও খাবারের অভ্যাস নিয়ে কথা বলেন অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও গত ১২ বছর ধরে একটি নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি। শোলাঙ্কির কথায়, তিনি সবসময় বাড়ি থেকে খাবার নিয়ে যান এবং বাইরের খাবার প্রায় খানই না।
অভিনেত্রী জানান, ঋতু বদলের সঙ্গে সঙ্গে তাঁর খাবারের তালিকাতেও কিছু পরিবর্তন আসে। গরমকালে আমের চাটনি তাঁর খুব পছন্দের, আবার শীতকালে পাতে থাকতেই হবে শীতের সবজি। বিশেষ করে যেসব সবজিতে জলের পরিমাণ বেশি, সেগুলোই তাঁর বেশি ভালো লাগে। পাশাপাশি মৌসুমি ফলও নিয়মিত খেয়ে থাকেন তিনি।

তবে সব খাবারের মাঝেও একটি জিনিস ছাড়া তাঁর দুপুরের খাবার সম্পূর্ণ হয় না। সেটি হলো মাছ। শোলাঙ্কির কথায়, শীত, গরম কিংবা বর্ষা— প্রতিদিনের খাবারের তালিকায় মাছ থাকবেই। বিভিন্ন ধরনের মাছ খেতে তিনি ভীষণ পছন্দ করেন বলেও জানান অভিনেত্রী।
অন্যদিকে অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন শোলাঙ্কি। চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘মন্টু পাইলট থ্রি’, যেখানে আবারও সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়াও ঋত্বিকের বিপরীতে অভিনীত ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিটিও সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি মাধ্যমে।
দীর্ঘদিন ধরে নিজের খাবারের নিয়ম একইভাবে মেনে চলার বিষয়টি ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই যে তাঁর সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি, সেই ইঙ্গিতই দিলেন অভিনেত্রী।
পিআর/টিকে