‘বুড়ি’ বলে কটাক্ষ, কড়া জবাব দিলেন অভিনেত্রী রুবিনা
ছবি: সংগৃহীত
০৯:১৪ এএম | ১৭ মে, ২০২৬
মাতৃত্বের পর নারীদের শরীরে যে নানা পরিবর্তন আসে, তা নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলেক। এবারও সেই প্রসঙ্গেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি। তবে শুধু শরীরের পরিবর্তন নয়, সেই সঙ্গে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে, তাও প্রকাশ্যে জানালেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবিনা জানান, মা হওয়ার পর নারীদের শরীরে স্বাভাবিকভাবেই নানা পরিবর্তন আসে। কারও ওজন বাড়ে, কেউ আবার মানসিক চাপে ভোগেন। জিমে দীর্ঘ সময় কাটিয়েও আগের মতো শরীর ধরে রাখা সবসময় সম্ভব হয় না। আর এই পরিবর্তন নিয়েই শুরু হয় অনলাইন কটাক্ষ।

অভিনেত্রীর কথায়, অনেকেই তাঁকে ‘বুড়ি’ বলে আক্রমণ করেছেন। কেউ বলেছেন তিনি বোটক্স করিয়েছেন, আবার কেউ দাবি করেছেন তিনি মুখ কিংবা শরীরের গঠন বদলানোর চিকিৎসা নিয়েছেন। এসব মন্তব্য প্রথম দিকে তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল বলেও জানান রুবিনা। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, অন্য মানুষ কী ভাবছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
রুবিনা বলেন, আগে এসব মন্তব্যে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখাতেন। কিন্তু পরে উপলব্ধি করেন, তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর মতে, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারা। তাই এখন আর নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেন না তিনি।
অভিনেত্রী আরও বলেন, সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে নির্দিষ্ট ধরনের চেহারা না হলে কেউ সুন্দর নন। ভরাট ঠোঁট, নিখুঁত গাল কিংবা সাজানো নাক না থাকলে মানুষ যেন পিছিয়ে পড়েছেন এমন মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রুবিনার কথায়, যদি সবাইকে একই রকম দেখতে হতো, তাহলে মানুষের স্বকীয়তার কোনো মূল্যই থাকত না।
নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি নারীদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তাও দিয়েছেন। তাঁর মতে, প্রত্যেক মানুষের নিজস্ব সৌন্দর্য রয়েছে, আর সেটাকেই গ্রহণ করা সবচেয়ে জরুরি।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রুবিনা। সবশেষ তাঁকে দেখা গেছে জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-তে। সেখানে প্রতিযোগী হিসেবে তাঁর সাহসী সব স্টান্ট দর্শকদের নজর কাড়ে।
পিআর/টিকে