© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি অন্তরঙ্গ দৃশ্যে কমফোর্টেবল নই: রাজা গোস্বামী

শেয়ার করুন:
আমি অন্তরঙ্গ দৃশ্যে কমফোর্টেবল নই: রাজা গোস্বামী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ এএম | ১৭ মে, ২০২৬
বর্তমান সময়ের ওয়েব সিরিজ কিংবা সিনেমায় সাহসী ও অন্তরঙ্গ দৃশ্য যেন প্রায় নিয়মে পরিণত হয়েছে। দর্শকের চাহিদা আর সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অনেক শিল্পী সেই পথে হাঁটলেও ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন টলিউডের জনপ্রিয় দম্পতি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। কেরিয়ারের সুযোগ হাতছাড়া হলেও নিজেদের ব্যক্তিগত বিশ্বাস ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে আপস করতে রাজি নন তাঁরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক খোলামেলা পোস্ট করেন রাজা গোস্বামী। সেখানে তিনি জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তিনি স্বচ্ছন্দ নন। সেই কারণে একাধিক কাজও হারাতে হয়েছে তাঁকে। তবে তাতে তাঁর কোনো আফসোস নেই। অভিনেতার কথায়, তিনি এমন কোনো দৃশ্যে অভিনয় করতে চান না, যা নিজের বাবা-মা কিংবা স্ত্রীর সঙ্গে বসে দেখতে অস্বস্তি হবে।



রাজার এই বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল তাঁর জীবনের দর্শন নিয়ে মন্তব্য। তিনি বলেন, পর্দার নায়ক হওয়ার চেয়ে বাস্তব জীবনে ভালো মানুষ হয়ে ওঠাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

স্বামীর এই অবস্থানের সঙ্গে সম্পূর্ণ একমত মধুবনীও। ছোট পর্দায় দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রাখলেও বড় পর্দা কিংবা ওয়েব মাধ্যমে খুব একটা দেখা যায় না তাঁকে। এর কারণও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর মতে, বর্তমান সময়ে সিরিজ ও সিনেমায় যেভাবে সাহসী দৃশ্যের ব্যবহার বেড়েছে, তাতে তিনি এখনও স্বচ্ছন্দ নন। সেই কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও ওই মাধ্যমগুলো থেকে দূরে রয়েছেন।

অভিনয়ের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিয়েও অনেক আগে থেকেই পরিকল্পনা করেছেন এই তারকা দম্পতি। শুধু অভিনয়ের আয়ের ওপর নির্ভর না করে তাঁরা গড়ে তুলেছেন একাধিক ব্যবসা। ডিজাইনার ব্যাগের বুটিক, রিয়েল এস্টেটে বিনিয়োগ এবং মধুবনীর নিজস্ব সৌন্দর্যসেবা কেন্দ্র— সব মিলিয়ে অভিনয়ের বাইরেও নিজেদের ব্যস্ত রেখেছেন তাঁরা।

এখন তাঁদের জীবনের বড় অংশ জুড়ে রয়েছে ছেলে কেশব। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজা-মধুবনী। দর্শকদের কাছেও এই দম্পতির সরল জীবনযাপন ও স্পষ্ট অবস্থান আলাদা সম্মান তৈরি করেছে।

একসময় জনপ্রিয় ধারাবাহিকে জুটি বেঁধে দর্শকের হৃদয় জয় করেছিলেন রাজা ও মধুবনী। সেই ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। পরে বিয়ে, সংসার আর এখন সন্তানকে ঘিরেই তাঁদের নতুন জীবন।

পিআর/টিকে

মন্তব্য করুন